প্রয়োজন হলেই লিবিয়ার সব বাংলাদেশিকে সরানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যদি একান্ত প্রয়োজন হয়, তবেই লিবিয়ার সব বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হবে। এ জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। লেবানন সীমান্তে ইতিমধ্যে বাংলাদেশি একটি বড় জাহাজ অবস্থান করছে। তাই কাউকে তিনি আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।আজ রোববার সচিবালয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে লিবিয়ায় বাংলাদেশিদের নিরাপত্তা ও পুনর্বাসন শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী জানান, লিবিয়ার বেশির ভাগ বাংলাদেশি মূলত ত্রিপোলি, বেনগাজি ও সাবা এলাকায় থাকে। সাবার পরিস্থিতি একেবারেই শান্ত, আর বেনগাজি বিক্ষোভকারীদের দখলে রয়েছে। এই দুই এলাকায় বাংলাদেশিদের কোনো সমস্যা নেই। ত্রিপোলিতে গণ্ডগোল চলছে। সেখানে কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে তাদের সরিয়ে নেওয়া হবে।মন্ত্রী লিবিয়ার বাংলাদেশিদের উদ্দেশে বলেন, ‘যাঁরা যে অবস্থায় আছেন, তাঁরা সে অবস্থাতেই থাকুন। কারণ, সংখ্যা একটি বিশাল শক্তি।’ বিচ্ছিন্নভাবে যেসব বাংলাদেশি রয়েছেন, তাঁদের তিনি বড় ক্যাম্পগুলোয় বাংলাদেশিদের সঙ্গে থাকার পরামর্শ দেন।মন্ত্রী বলেন, তিউনিসিয়া ও মিসর সীমান্তে আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে ১০টি ক্যাম্প করেছে। সেখানে থাকা বাংলাদেশিদের দেখভালের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ১০টি টিম করা হবে।মন্ত্রী বলেন, ‘এমন কোনো অবস্থা হয়নি যে সব বাংলাদেশিকে একবারে সরিয়ে নিতে হবে। আমরা পুরো বিষয় পর্যবেক্ষণ করছি। এ মুহূর্তে মিসর ও তিউনিসিয়ার এত লোককে আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই। আর ৬০ হাজার বাংলাদেশিকে নিয়ে আসাও অসম্ভব ব্যাপার। সেটার আসলে কোনো প্রয়োজনও নেই।’এখন পর্যন্ত কতজন বাংলাদেশি লিবিয়া ছেড়েছেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, মিসর সীমান্তে তিন হাজার ৪৫০ এবং তিউনিসিয়া সীমান্তে ৩০০ বাংলাদেশি রয়েছেন। কোম্পানিগুলোই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। এ ছাড়া একটি চাইনিজ কোম্পানি ৮০৪ জন বাংলাদেশিকে ক্রিক আইল্যান্ড নামক একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।মন্ত্রী দেশবাসী ও গণমাধ্যমের প্রতি অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকার প্রত্যেক বাংলাদেশির নিরাপত্তার ব্যাপারে সচেতন রয়েছে।