১৯৯৬ সালের ১০ এপ্রিল পটুয়াখালীতে পটুয়াখালী ডায়াবেটিক সমিতির কার্যক্রম শুরু হয়। বর্তমানে জেলা শহরের ব্যায়ামাগার এলাকায় এক একর ৬৭ শতাংশ জমির ওপর নিজস্ব তহবিলে ২২ লাখ টাকা ব্যয়ে বহির্বিভাগ ভবন নির্মাণ করে সেখানে পটুয়াখালী ডায়াবেটিক সমিতির কার্যক্রম চলছে।পটুয়াখালী জেলাসহ দক্ষিণাঞ্চলের বরগুনার আমতলী ও বেতাগীর ডায়াবেটিস রোগীদের একমাত্র চিকিৎসাসেবার স্থান এই ডায়াবেটিক সমিতি। এখানে দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন সমাজকল্যাণ কর্মকর্তা, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন হেলথ এডুকেটর, একজন অফিস সুপারসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী ডায়াবেটিস রোগীদের সেবা দিচ্ছেন। ডায়াবেটিক সমিতির অফিস সূত্রে জানা যায়, এই সমিতিতে ডায়াবেটিস রোগী সদস্য রয়েছে পাঁচ হাজার ৬০০ জন। এ ছাড়াও প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ জন রোগী এখানে চিকিৎসাসেবা নিচ্ছেন। প্রতিবছর এ সমিতি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করে আসছেন। এ ছাড়া সমিতির নিজস্ব তহবিল থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত গরিব রোগীদের প্রতিবছর প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ইনসুলিন বিনা মূল্যে বিতরণ করছে।ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর সিকদার বলেন, ‘বহির্বিভাগের চিকিৎসা ডায়াবেটিসের রোগীদের মূল চিকিৎসা নয়। এখানে একটি হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন। সমিতির নিজস্ব যে জমি আছে, তাতে একটি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হলে দক্ষিণাঞ্চলের রোগীরা সুচিকিৎসা পাবে। ডায়াবেটিস একটি নীরব ঘাতক ব্যাধী। এ রোগ থেকে সুস্থ থাকতে হলে জনগণকে আরও সচেতন করে তুলতে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও হাট-বাজারে এ রোগ সম্পর্কে প্রচারণা ক্যাম্প পরিচালনা জরুরি। কিন্তু অর্থাভাবে তা সমিতির পক্ষে করা সম্ভব হচ্ছে না।’