সংসদে প্রশ্নোত্তরে যোগাযোগমন্ত্রী
প্রয়োজনে অন্য মন্ত্রণালয় থেকে কেটে বরাদ্দ দিতে হবে
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সড়কব্যবস্থার উন্নয়নে আন্তরিকতার অভাব নেই। অর্থের সীমাবদ্ধতা আছে। কিন্তু এ সম্পর্কে দেশবাসী, এমনকি সাংসদদের মধ্যে পর্যন্তও ভুল ধারণা রয়েছে।আজ রোববার জাতীয় পার্টির সাংসদ এম হাফিজ উদ্দিনের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী জানান, ডিসেম্বরে পুনর্মূল্যায়িত বাজেট প্রণয়নের সময় যোগাযোগ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অন্য এক প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, ‘এখানে (সংসদে) পরিকল্পনামন্ত্রীও আছেন। আমি তাঁকে সামনে রেখেই বলতে চাই, বাজেট পুনর্মূল্যায়নের সময় যোগাযোগ খাতকেও বিদ্যুত্ খাতের মতো অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে অন্য মন্ত্রণালয় থেকে কেটে যোগাযোগ মন্ত্রণালয়কে বরাদ্দ দিতে হবে।’অন্য এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, সরকারের কাছে যোগাযোগ মন্ত্রণালয় এক হাজার ৪১০ কোটি টাকা চেয়েছে। তা না পাওয়া পর্যন্ত বড় কোনো কাজ করা সম্ভব নয়।তিন বছরে নিহত আট হাজার: সড়ক ও মহাসড়কে দুর্ঘটনায় ২০০৯ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সারা দেশে সাত হাজার ৭৪৪ জন নিহত হয়েছে। এই সময়ে দুর্ঘটনা হয়েছে প্রায় সাড়ে আট হাজার।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান। আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর ও বিআরটিএর আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিচারের সম্মুখীন করা হবে।সৈয়দ আবুল হোসেন বলেন, ‘বিআরটিএর আত্মস্বীকৃত সাতজন দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে পাঁচজনকে পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বিআরটিএর সদর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্য দুজন কর্মকর্তাকে বর্তমানে পদ থেকে প্রত্যাহারপূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিআরটিএর সদর কার্যালয়ে যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন। এই সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’সৈয়দ আবুল হোসেন আরও বলেন, ‘সওজ অধিদপ্তরের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু করা হয়েছে। অন্যান্যেদর বিরুদ্ধে মামলা রুজু করার কার্যক্রম অব্যাহত রয়েছে।