প্রয়োজনে আন্তর্জাতিক আদালত: পানিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, ‘বাংলাদেশের সম্মতি ছাড়া ভারত টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন করলে দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব।’ পানিসম্পদমন্ত্রী গতকাল শনিবার ঢাকায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা ও বন্যানিয়ন্ত্রণ কর্মকাণ্ডের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলীদের সংগঠন এ সেমিনারের আয়োজন করে। পানিসম্পদমন্ত্রী জানান, টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে কী ধরনের প্রতিক্রিয়া হবে তা সমীক্ষা করে দেখছে ভারত সরকার। ওই সমীক্ষার ফলাফল পাওয়ার পর বাংলাদেশ আরও একটি সমীক্ষা চালাবে। এতে যদি দেখা যায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ভারতকে বাঁধ নির্মাণ না করার আহ্বান জানাবে বাংলাদেশ। এর পরও ভারত বাঁধ নির্মাণ থেকে সরে না এলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে। রমেশ চন্দ্র সেন বলেন, ‘এখনো সমীক্ষা প্রতিবেদন তৈরি হয়নি। তার পরও ঘোলাজলে মাছ শিকারের কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। তারা বলেই দিয়েছে, বাংলাদেশের সম্মতি ছাড়া কোনো কাজ করা হবে না। এরপর তো আর কথা থাকে না। যদি করে তাহলে তো বিশ্ব আদালত আছে। আমরা অবশ্যই তাঁর ব্যবস্থা নেব। আমরা বন্ধুত্ব চাই। সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বের প্রয়োজন। কিন্তু আমরা কারও মুখাপেক্ষী নই।’