প্রয়োজনে আবারও ভেটো দেব: ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে চলমান ইউরো জোন সংকট নিয়ে গতকাল সোমবার টানা প্রায় দুই ঘণ্টা কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।শতাধিক সাংসদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্ব্যর্থহীনভাবে ক্যামেরন বলেন, ‘যা করেছি বুঝে-শুনেই করেছি। প্রয়োজন হলে আবারও ভেটো দেব। যে কদিন প্রধানমন্ত্রী হিসেবে থাকি, দেশের স্বার্থ বিকিয়ে কোনো কিছুতে সমর্থন দেওয়া অসম্ভব।’নতুন ইউরো জোন চুক্তিতে তাঁর ভেটো দেওয়া এবং আত্মপক্ষ সমর্থনের যুক্তি—এসব নিয়ে জল্পনা-কল্পনা চলছিল কয়েক দিন ধরেই। তা ছাড়া জোট সরকারের অপর শরিক দল লিবারেল ডেমোক্র্যাট নেতা ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ চলতি ইইউ ইস্যু নিয়ে ক্যামেরনের সমালোচনা মুখর হয়ে উঠলে আশঙ্কা তৈরি হয় জোট সরকারের ভবিষ্যত্ নিয়েও। যুক্তরাজ্যের ইইউ সদস্য পদ টিকিয়ে রাখার প্রসঙ্গে ক্যামেরন আরও বলেন, ‘ইউরোপের সংকট মোকাবিলায় গৃহীত চুক্তিতে সম্মতি দিইনি ঠিক, তবে জাতীয় স্বার্থে ইইউয়ের সদস্য পদ অবশ্যই বহাল থাকবে। ইউরোপে ব্যাপক পরিবর্তনের সময় এসেছে; তবে কেউই বলতে পারবে না ইউরো জোনের ভবিষ্যত্।’হাউস অব কমন্সে বরাবরই ক্যামেরনের পাশে থাকেন শরিক দল লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ। কিন্তু গতকাল তেমনটি হয়নি। ক্লেগ গতকাল অনুপস্থিত ছিলেন। তবে তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কে ক্লেগ জানিয়েছেন, ‘হাউস অব কমন্সে আজ যাইনি; কারণ, আমি চাইনি আমার উপস্থিতি কোনো বিরক্তির কারণ হোক।’ পরে এক সাক্ষাত্কারে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় কমন্সে কে কোথায় বসল এসব নিয়ে কেউ ভাবে। আর ইউরো জোনের সংকট নিরসনে গত সপ্তাহে ব্রাসেলস সম্মেলনে ক্যামেরনের নেওয়া পদক্ষেপের সঙ্গে আমরা কখনো একমত হইনি। এটি খুবই পরিষ্কার যে ক্যামেরনের ভেটো যুক্তরাজ্যকে বিচ্ছিন্ন করে ফেলছে।’এদিকে বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের অনুপস্থিতির কারণ জানতে চাইলে ক্যামেরন বলেন, ‘তিনি কোথায় আছেন, সেটা জানা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।’ মিলিব্যান্ড আরও অভিযোগ করেন, ‘ব্যর্থ ক্যামেরন কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছাড়া ইউরোপের সংকট মোকাবিলা করতে গিয়ে নিজ দেশের জন্য সমস্যা টেনে নিয়ে এসেছেন।’