প্রয়োজনে আমরা একবেলা খাব না
পদ্মা সেতু নির্মাণে সরকারকে বিএনপি সহযোগিতা করবে বলে জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘প্রয়োজনে আমরা এক বেলা খাব না, তবে এর আগে বিশ্বব্যাংক যে চিঠি দিয়েছে, তা প্রকাশ করুন।’ বিশ্বব্যাংকের ওই চিঠিতে যাদের নামে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে, তাঁদের নাম প্রকাশ করার আহ্বান জানান তিনি।আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাসাস, ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘দুর্নীতি ও বর্তমান সরকার’ শীর্ষক আলোচনা সভায় জয়নুল আবদীন ফারুক এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সারচার্জ আরোপসহ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। কিন্তু পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে যে কলঙ্ক হয়েছে, তার জন্য আগে সরকারকে ক্ষমা চাইতে হবে।প্রধানমন্ত্রীর উদ্দেশে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আপনি বললে আপনার দুই চারজন মন্ত্রী-ই পদ্মা সেতু নির্মাণ করে দিতে পারবে।’এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিরোধী দলের চিফ হুইপ বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে বাধ্য করা হবে হবেও হুঁশিয়ার করেন তিনি।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম।