প্রয়োজনে উন্নয়ন বন্ধ রেখে খাদ্য আমদানি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রয়োজনে দেশের সব উন্নয়নকাজ বন্ধ রেখে খাদ্যশস্য আমদানি করা হবে। খাবারের জন্য মানুষকে কষ্ট পেতে দেব না। যেকোনো মূল্যে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে দেশে খাদ্যশস্যের নিরাপদ মজুদ গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে ভারতসহ তিনটি দেশ থেকে সাত লাখ টন চাল এবং রাশিয়াসহ দুটি দেশ থেকে আড়াই লাখ টন গম আমদানি করা হচ্ছে।’বিশ্ববাজারে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এখন মোটা চালের দাম ৩৪ থেকে ৩৫ টাকার মধ্যে আছে। বিএনপি ক্ষমতায় থাকলে এখন ৮০ থেকে ৯০ টাকা কেজিতে জনগণকে চাল খেতে হতো।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাসদের হাসানুল হক ইনুর প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আধা ঘণ্টা হওয়ার কথা ছিল। তবে তিনি প্রায় এক ঘণ্টা ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার এবং যোগাযোগ খাতের উন্নয়ন নিয়ে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।শেখ হাসিনা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার চালের কেজি ১০ টাকায় রেখে গিয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তা এক লাফে বাড়িয়ে ৪০-৪৫ টাকায় নিয়ে যায়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবার চালের দাম কমিয়ে ২০ টাকায় নামানো হয়েছিল। কিন্তু কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে আর বিশ্ববাজারের ঊর্ধ্বগতির চাপে সেই দাম ধরে রাখা সম্ভব হয়নি। তবে এ দাম বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আয় বাড়ানো হয়েছে। সব স্তরে বেতনভাতা বাড়ানো হয়েছে। ওএমএসের সঙ্গে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে সব স্তরের সাধারণ মানুষকে খাদ্যনিরাপত্তার মধ্যে আনা হচ্ছে।চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে কিছু খেলা নিশ্চয়ই আছে। এ জন্য সব চালের আড়তদার ও মজুদদারদের তালিকা এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে শক্তিশালী করা হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমদানি বাড়ানোর জন্য এ খাতে ব্যাংকঋণের সুদের হার কমানো হয়েছে।পুঁজিবাজারে বুঝেশুনে বিনিয়োগের পরামর্শ: বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বুঝেশুনে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারের ঘটনায় বোঝা যাচ্ছে, কিছু কিছু চক্র খেলা করছে। শেয়ারের দাম কখনো উঠবে, কখনো কমবে। শেয়ারের দাম শুধু উঠতেই থাকলে উঠতে উঠতে কোথায় যাবে? শেয়ারের দাম উঠবে-কমবে, এটাই স্বাভাবিক। তবে তা সহনীয় পর্যায়ে থাকতে হবে।’ সরকারি দলের বজলুল হক হারুনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ ঘটনার জন্য আমরা দুঃখিত। তবে সব সময় বাড়ার আশা করে কারোর পুঁজিবাজারে আসা ঠিক নয়।’ গত মঙ্গলবার শেয়ারের দরপতনের পর অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে ব্যানারসহ বিক্ষোভের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘পুঁজিবাজার পড়বে, তা তারা কীভাবে জানল। তারা ব্যানার নিয়ে নেমে পড়ল। ব্যানার কখন তৈরি হলো। এটা দেখেই সন্দেহ হয়, কারা এটার পেছনে খেলছে।’মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার সময় পুঁজিবাজার স্থিতিশীল ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন শেয়ারের দাম বাড়তে থাকে, তখনই আমরা ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিই।’ তিনি বলেন, একটি মহলের কারসাজিতে পুঁজিবাজার অস্থিতিশীল হয়ে পড়ে।পুঁজিবাজারের বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শেয়ারের দাম প্রতিনিয়ত বাড়বে, এটা আশা করা ঠিক নয়। তবে শেয়ারের দাম পড়ে গেলে ভয় পেয়ে তা বিক্রি করে দেওয়া ঠিক নয়। কিছুদিন শেয়ারটা ধরে রাখলে দাম বাড়বেই।’ তিনি শেয়ারের ব্যবসা করেন না এবং শেয়ার সম্পর্কে তাঁর ভালো ধারণা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটুকু বুঝি, ঝুঁকি নিয়েই পুঁজিবাজারে যেতে হবে।’পুঁজিবাজার অস্থিতিশীল করার পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অনেক কথা বলার থাকলেও বললাম না। ভবিষ্যতে বলব।’স্বল্প সময়ে পদ্মা সেতুর কাজ শুরু হবে: জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই পদ্মা সেতু এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে। কাজ শুরুর তারিখটা জানলেও বলছি না। একটু সারপ্রাইজ থাকুক।’ তিনি বলেন, বিএনপির পাঁচ বছর এবং উচ্চমার্গের সুশীল সমাজসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এ নিয়ে অনেক কথা হলেও কাজ শুরুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকারের প্রথম দুই বছরেই অন্তত এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য চুক্তি করা হয়েছে। পদ্মা সেতুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।