প্রয়োজনে টানা হরতাল দেওয়া হবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী বলেছেন, শেখ হাসিনার ইমান নেই। কারণ, তিনি একই সঙ্গে আল্লাহ ও শয়তানকে খুশি রাখতে চান। তিনি যতই কোরআন ও নামাজ পড়ুন তাতে কিছুই হয় না। রাজধানীর লালবাগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ ওলামা মাশায়েখ সম্মেলনে আমিনী এ কথা বলেন।আমিনী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা নির্বাচন দিতে চাইলে সব বিরোধী দলকে একত্রে করে সরকার পতনের আন্দোলন করা হবে। প্রয়োজনে টানা হরতাল দেওয়া হবে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে আমিনী বলেন, ‘আইনের আওতায় সুরঞ্জিত বাবু অপরাধী হলে তাঁর শিরশ্ছেদ করা হবে। আর যদি না পড়েন তা হলে হবে না।’আমিনী আরও বলেন, ‘শেখ হাসিনা ও বাদশা আকবরের মধ্যে কোনো পার্থক্য নেই। আকবর সব ধর্মকে একত্র করে চিরদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনাও তা-ই করছেন।’ আমিনী অভিযোগ করেন, তাঁদের গৃহবন্দী করে রাখা হয়েছে। বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে। অচিরেই অলৌকিকভাবে এ অবস্থার অবসান হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আগামী সরকারে আমরা আসতে পারলে এক নম্বর কাজ হবে বর্তমান সরকারের সাংসদ-মন্ত্রীদের বিরুদ্ধে মামলা করা। যাতে জেল আর আদালতে যাওয়া ছাড়া তাঁরা অন্য কোনো কাজ করতে না পারেন।’