মানবতাবিরোধী অপরাধের বিচার
প্রয়োজনে ট্রাইব্যুনাল বিধি সংশোধন করতে পারবে : আইনমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুবিচার নিশ্চিত করতে বিধি সংশোধনের প্রয়োজন হলে তা করতে পারবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, বিধি উপযোগী করা বা সংশোধনের এখতিয়ার ট্রাইব্যুনালের। আইনেই বলা আছে, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করবে। কাজেই সুবিচার নিশ্চিত করতে বিধি সংশোধনের প্রয়োজন হলে ট্রাইব্যুনাল তা করতে পারবে। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আদিবাসী-বিষয়ক জাতীয় কোয়ালিশনের দুই দিনব্যাপী প্রথম জাতীয় কনভেনশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।এর আগে গতকাল বৃহস্পতিবার যুদ্ধাপরাধ-বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র্যাপ মন্তব্য করে বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ অনুসারে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনটিতে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রাখতে হলে এ পরিবর্তন জরুরি। সংবাদ সম্মেলনে র্যাপের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সম্প্রতি তাঁর সঙ্গে আলাপকালে র্যাপ ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সঠিক আছে বলে উল্লেখ করেছেন। তিনি বিচারের কার্যপ্রণালী বিধি আরও উপযোগী করার ব্যাপারে সুপারিশ করেছিলেন।