শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনের কথা সরকার ভেবে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরখানে কাঁচপুরা স্কুল মাঠে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তিবাহিনীই হোক, অন্য কোনো বাহিনীই হোক, সন্ত্রাসী হোক আর জঙ্গিই হোক, আমাদের সরকার সব সময় প্রস্তুত। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব শক্ত হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সেনা মোতায়েন যদি প্রয়োজন হয়, সেটা অবশ্যই আমাদের সরকার ভেবে দেখবে।’এদিকে দেশে আন্দোলন করার মতো পরিস্থিতি নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল সকালে মগবাজারে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে এবং খালেদা জিয়ার নিরাপত্তার দাবিতে বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের আন্দোলন করার মতো কোনো ঘটনাই ঘটেনি। তাঁরা বিভিন্নভাবে উছিলা খুঁজছে, কীভাবে কী করা যায়। আন্দোলনের মধ্যেই আমাদের জন্ম। আন্দোলনকে আমরা ভয় পাই না। আন্দোলনের নামে যারা অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্ত প্রসঙ্গে বলেন, ‘তদন্তে নিজামী বা অন্য কেউ—যার নামই আসুক না কেন, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’