প্রয়োজনে লাগাতার হরতাল দেওয়া হবে: আমিনী
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী বলেছেন, ‘আগামীকাল সোমবারের হরতালে বাধা দেওয়া হলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা দেশ রক্ষার আন্দোলনে নেমেছি। এক হোসাইন শহীদ হয়েছে। লাখ লাখ হোসাইন শাহাদাতের জন্য প্রস্তুত।’ আজ রোববার বিকেলে মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে আমিনী এসব কথা বলেন।শেখ হাসিনাকে উদ্দেশ করে মুফতি আমিনী বলেন, ‘নারী নীতি বাতিল করা না-হলে দেশকে শেখ হাসিনামুক্ত করে কোরআনকে রক্ষা করব। আমরা শুধু কোরআন রক্ষার আন্দোলনেই নামিনি। কোরআন রক্ষা করে আমরা দেশ রক্ষার আন্দোলনে নেমেছি।’আমিনী তাঁর দলের কর্মীদের উদ্দেশে বলেন, ‘হোসাইন হত্যার বিচার হবেই। যে তাকে গুলি করেছে, তাকে গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে।’ তিনি আরও বলেন, ‘কোরআন রক্ষা করে আমরা দেশ রক্ষার আন্দোলনে নেমেছি।’আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে আমিনী বলেন, ‘আমাদের কর্মীদের গায়ে হাত দিলে তার পরিণতি হবে ভয়াবহ। আর যদি আপনাদের লাগতেই ইচ্ছা হয়, তবে পুলিশ ছাড়া মাঠে আসেন। দেখা যাবে কার বেশি শক্তি।’