প্রয়োজনে লাগাতার হরতাল: আমিনী
বর্তমান সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে বলে মনে করেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী। তিনি বলেন, নারী-পুরুষের সমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ জন্য প্রস্তাবিত নারী নীতি বাতিল বা স্থগিত না হলে এই হরতাল স্থগিত হবে না। প্রয়োজনে লাগাতার হরতাল হবে।৪ এপ্রিলের হরতালকে সামনে রেখে আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় আমিনী এসব কথা বলেন।আমিনী বলেন, সরকার নারী নীতি করে কোরআনকে বিদায় করতে চাইছে। কিন্তু আসলে সরকারেরই বিদায়ঘণ্টা বেজে গেছে। দেশের সব মুসলমানকে ঈমান রক্ষার জন্য এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন তিনি।সরকার ফতোয়া বন্ধের চক্রান্ত করছে—এমন অভিযোগ করে আমিনী বলেন, আদালতের মাধ্যমে সরকার আবার ফতোয়া নিষিদ্ধের ষড়যন্ত্র করছে। কিন্তু আদালতের কোনো ক্ষমতা নেই ফতোয়া বাতিল করার।আমিনী বলেন, ইউরোপীয় নারীর কল্পচিত্রকে সামনে রেখে নারী উন্নয়ন নীতিমালা প্রণীত হয়েছে। এই নীতি বাতিল করতেই হবে। এ জন্য প্রয়োজনে লাগাতার আন্দোলন করতে হবে।