প্রয়োজনে শরিয়া আইনে যুদ্ধাপরাধীদের বিচার হবে
মানবতাবিরোধী অপরাধীদের বিচারপ্রক্রিয়া ব্যাহত করার জন্যই সম্প্রতি পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কোনো কিছু করে লাভ নেই। যেকোনো পরিস্থিতিতে মানবতাবিরোধীদের বিচার হবেই। যদি প্রয়োজন হয়, তাহলে বিকল্প পথ হিসেবে আমার শরিয়া আইনে বিচার করব।’ আজ শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খবর ইউএনবির।প্রধানমন্ত্রী বলেছেন, ‘এ ধরনের হামলা যত বেশি করা হবে, ততই কঠোরভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। মানবতাবিরোধীদের বিচার এ বাংলার মাটিতেই হবে। মানবতাবিরোধীদের বিচার করা মহাজোট সরকারের শুধু নির্বাচনী ইশতেহার নয়, এটা জাতীয় দাবি বিশেষ করে তরুণেরা এই বিচার দেখতে চায়। বিচারে স্বচ্ছতার প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে সাজানো হবে।’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, মানবতাবিরোধীদের বিচার বাধাগ্রস্ত করতে তারা বর্তমানে বিভিন্ন রকম কূটচালে ব্যস্ত। সম্প্রতি সারা দেশে পুলিশের ওপর হামলার ঘটনাও তাদের এই পরিকল্পনারই অংশ। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, কাজী জাফরুল্লাহ, আবদুল লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।