প্রয়োজনে সরকারপ্রধান হতে রাজি রফিক
দুই নেত্রীর একসঙ্গে বসার বিষয়ে ‘উদ্যোগের উদ্যোগ’ নিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রফিক-উল হক। তিনি বলেন, ‘কথা বলে দেখি। দুই নেত্রী দেশকে ভালোবাসেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান না—এটা আমি বিশ্বাস করি না। দুজনই বসে সমাধান করুন, আমরা তা-ই চাই। দেখা যাক, কী করা যায়।’আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে রফিক-উল হক এ কথা বলেন। সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে ‘মুক্তচিন্তা ফোরাম’ এই মিট দ্য প্রেসের আয়োজন করে। এতে সঞ্চালনা করেন ফোরামের সমন্বয়ক আমীরুল মোমেনীন।রফিক-উল হক বলেন, ‘একজনের সঙ্গে বোধহয় আজ দেখা হবে। জিজ্ঞাসা করব, দেখি উনি কী বলেন। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে চেষ্টা করব। উনি তো অন্য রকম; বড় কথা, তিনি বঙ্গবন্ধুর কন্যা। তাঁকে আমি প্রধানমন্ত্রীর চেয়ে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে অনেক বেশি শ্রদ্ধা করি।’ তিনি কোনো উদ্যোগ নিয়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘উদ্যোগের উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের জনগণের স্বার্থে এইটুকু কাজ এই বৃদ্ধ বয়সে আমি করতে রাজি।...আমি আপ্রাণ চেষ্টা করব।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রফিক-উল হক দুই নেত্রীর পক্ষে মামলা পরিচালনা করেছিলেন।সংলাপের বিষয়ে রফিক-উল হক বলেন, বর্তমান পরিস্থিতির সমাধান হতে পারে দুজনের মধ্যে আলোচনা হলে। সম্প্রচারমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা দুই নেত্রীকে কোনো একটা জায়গায় ডেকে বলেন, অনুরোধ করেন। তাঁরা দুজন দেশকে ভালোবাসেন, গণতন্ত্র চান; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান—এগুলোতে কোনো মতভেদ নেই।’ রফিক-উল হক প্রশ্ন তোলেন, ‘কিন্তু কীভাবে হবে? একজন বলছেন তত্ত্বাবধায়ক সরকার, আরেকজন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী অনেকটা নেমে এসেছেন; বলছেন অন্তর্বর্তীকালীন সরকার হোক। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার; কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, কর্মধারা এখনো দেয়নি।’এই প্রবীণ আইনজীবী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন—এটা হচ্ছে মিলিয়ন ডলারের প্রশ্ন। প্রধানটা কীভাবে নির্বাচন করা হবে? এখন প্রক্রিয়া নির্ধারণ করতে হবে, কীভাবে এর সমাধান হয়। যদি এর সমাধান করা যায়, তাহলে সমস্যাটা মিটে যায়।’দুই নেত্রীই সমস্যার সমাধান করবেন—এমন আশা প্রকাশ করে রফিক-উল হক বলেন, ‘দেশের জন্য, ভবিষ্যত্ প্রজন্মের জন্য এবং সত্যিকার একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দুই নেত্রীকে আমি আহ্বান করব, তাঁরা বসে, তাঁদের যে পরবর্তী ব্যক্তি আছেন তাঁরা বসে, জনগণের সঙ্গে মতবিনিময় করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলুন। কারণ, নির্বাচনের আর এক বছর তিন মাস বাকি।’যদি তাঁকে ওই সরকারের প্রধান হতে প্রস্তাব করা হয়, তাহলে তাঁর অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রফিক-উল হক বলেন, ‘এ ধরনের বিব্রতকর প্রশ্ন আমাকে করবেন না। তবে প্রশ্ন যেহেতু করেছেন, উত্তর দিচ্ছি। যদি সে রকম অকেশন আসে, দেশের জন্য এই শেষ বয়সে আমি সব রকম রেসপনসিবিলিটি (দায়িত্ব) নিতে প্রস্তুত আছি। দেশের যেটা ভালো হবে, সেটা অবশ্যই চাই।’