প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি কমিশনের বিবেচনায় আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে।সিইসি শামসুল হুদা জানান, কমিশন মেয়র পদপ্রার্থীদের নিয়ে ২৫ অক্টোবর নির্বাচনী বিতর্কের আয়োজন করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিটিভি, বেতার ও বিডিনিউজের কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। এ সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে শামসুল হুদা জানান, বিতর্ক অনুষ্ঠানের ব্যাপ্তিকাল হবে তিন ঘণ্টা। অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের ডাকবাংলো মাঠের মুক্তমঞ্চে। রাত সাড়ে আটটার বাংলা সংবাদের পর এ বিতর্ক শুরু হবে। ছয়জন মেয়র পদপ্রার্থীকে বিতর্কে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। এতে বাছাই করা ১৫০ জন দর্শক এবং নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।সিইসি আরও বলেন, প্রার্থী সম্পর্কে ভোটারদের ব্যাপকভাবে জানানোর জন্যই এ আয়োজন। শুধু এলাকাবাসী নয়, বিতর্কের মাধ্যমে সারা দেশের মানুষ এবং প্রবাসী বাঙালিরাও প্রার্থীদের সম্পর্কে জানতে পারবেন।সিইসি আরও বলেন, ‘আমরা আগের সিটি করপোরেশন নির্বাচনেও এ ধরনের সংলাপ করেছি। সংসদ নির্বাচনেও করতে চেয়েছিলাম। কিন্তু কিছু প্রার্থীর আপত্তির কারণে সম্ভব হয়নি।’ সিইসি জানান, বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে যতটা সম্ভব মুখোমুখি বিতর্ক করবে। এ ছাড়া প্রতিষ্ঠানটি কাউন্সিলর পদপ্রার্থীদের আট ধরনের তথ্য ও লিফলেট ভোটারদের কাছে বিতরণ করবে।