প্রয়োজনে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাঁধ মেরামত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলায় আক্রান্ত এলাকায় ভাঙা বেড়িবাঁধগুলো শুষ্ক মৌসুমের আগেই মেরামত করা সম্ভব কি না, তা এক সপ্তাহের মধ্যে জানাতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশ দিয়েছে সরকার। পাউবো যদি বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করতে না পারে, তাহলে সেনাবাহিনী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সরকার এ কাজ শুরু করবে। যেকোনো মূল্যে বর্ষা শুরুর আগে বেড়িবাঁধ মেরামত শেষ করা হবে। গতকাল বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন। ‘পাউবো বর্ষার আগে বেড়িবাঁধ মেরামত করতে পারবে কি না, তাতে আমার সন্দেহ আছে’ মন্তব্য করে তিনি বলেন, বাঁধ মেরামতের ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত ও দুর্গতদের পুনর্বাসনে দাতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সিরডাপ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) আয়োজিত ‘আইলার বাস্তবতায় অধিকারভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালার সুপারিশ হিসেবে আইলায় ক্ষতিগ্রস্ত চারটি উপজেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার সুপারিশ করে বলা হয়, দুর্গত এলাকার সব বৈশিষ্ট্যই আইলায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে রয়েছে। দুর্গত এলাকা ঘোষণার দাবি তোলার জবাবে আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। আইলায় ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৯৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে দুই বান্ডিল টিন ও ১০ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হবে। ‘ঘূর্ণিঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য পাউবোকে ১১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বাড়িঘর মেরামতের জন্যও ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়েছিল। কিন্তু বাঁধ মেরামত না হওয়ায় সে অর্থ দিয়ে ক্ষতিগ্রস্তরা বাড়িঘর মেরামত করতে পারেনি’। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর এই বক্তব্য চলাকালে কর্মশালায় উপস্থিত আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা কয়েকজন নারী হাত তুলে বলেন, ‘আমরা কোনো টাকা পাইনি। আমাদের গ্রামে সবাই ত্রাণের চালও ঠিকমতো পাচ্ছে না।’ কর্মশালা থেকে বের হওয়ার সময় আইলা-দুর্গতরা দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে তাঁর হাত ধরে বলতে থাকেন, ‘স্যার, আমাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন। শিগগির আমাদের বেড়ি (বেড়িবাঁধ) ঠিক করার ব্যবস্থা করেন। আমরা আর পাইরতেছি না।’ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আইলার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ কিলোমিটারেও বেশি বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। ফলে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনার দাকোপ ও কয়রা উপজেলার কয়েক লাখ মানুষ এখনো ঝুঁকির মুখে রয়েছে। সরকারিভাবে ত্রাণ দেওয়া হলেও তা দুর্গতরা পায়নি বলে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, সরকারের উচিত হবে আইলা এলাকার ত্রাণ নিয়ে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্র্যাকের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিনের পরিচালক বাবর কবির। অনুষ্ঠানে আইলায় ক্ষতিগ্রস্ত নারী-পুরুষেরা তাদের করুণ অবস্থা এবং ক্ষতিগ্রস্ত এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা এলাকার বর্তমান চিত্র কর্মশালায় তুলে ধরেন।