প্রয়োজনে হরতালের বিপক্ষে রাস্তায় নামবে এফবিসিসিআই
অর্থনীতির জন্য ক্ষতিকর হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠনটি রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক ও উৎপাদনবিরোধী রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, তা না হলে ব্যবসায়ী-সমাজ হরতালের বিপক্ষে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে।গতকাল শনিবার হরতালের ক্ষতি এবং দেশের সার্বিক অর্থনীতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, রাজনীতি ও অর্থনীতি একে অন্যের পরিপূরক। দেশের স্বার্থ সবার উপরে রেখে কার্যক্রম গ্রহণ করলে আলোচনা এবং সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীসমাজ মনে করে রাজনৈতিক মতপার্থক্য নিরসনে ধ্বংসাত্মক হরতাল ও হানাহানির পথ নয়, বরং সর্বজনগ্রাহ্য গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, হরতাল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে হ্রাস করবে। স্থিতিশীল রাজনৈতিক অবস্থা আছে এমন দেশের কাছে দেশীয় পণ্যের বাজার চলে যাবে। ইতিমধ্যে দেশীয় তৈরি পোশাকের বাজার অন্য দেশের হাতে চলে যাচ্ছে। তিনি দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থেই হরতাল প্রত্যাহারের দাবি জানান।এ কে আজাদ বলেন, এফবিসিসিআইয়ের পক্ষ থেকে শিগগিরই হরতালের ক্ষতিকর দিক তুলে ধরে এর বিপক্ষে জনমত সৃষ্টির জন্য দেশের ব্যবসায়ী, পেশাজীবী ও শ্রমজীবীদের সঙ্গে মতবিনিময় করবে। এ জন্য সারা দেশ সফর এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সম্মেলন আয়োজন করে ব্যবসায়ীসমাজের অবস্থান তুলে ধরা হবে। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক ঘন ঘন হরতাল আহ্বান সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা এনে দিয়েছে। মাত্র কয়েক বছর আগের ঘন ঘন লাগাতার হরতালের কারণে দেশের অর্থনীতির অচলাবস্থার সেই হতাশাব্যঞ্জক দিনগুলোর কথা ব্যবসায়ী মহল এখনো মনে রেখেছে। ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, অর্থনৈতিক উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। তাই দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, এমন কর্মসূচি পরিহার করার জন্য তিনি সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান।বিজিএমইএর সভাপতি মো. শফিউল ইসলাম বলেন, দেশের তৈরি পোশাকের বাজার ইউরোপ ও আমেরিকার ওপর নির্ভরশীল। কিন্তু ঘন ঘন হরতাল হলে ওই সব দেশের ক্রেতারা অন্য দেশে চলে যাবে। এমসিসিআইয়ের সহসভাপতি ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ঘন ঘন হরতাল দিলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। বরং তা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি রাজনৈতিক দলগুলোকে নিজেদের সংকীর্ণ স্বার্থের জন্য ঘন ঘন হরতালের মতো কর্মসূচি দিয়ে দেশের অর্থনীতির অগ্রযাত্রার চাকা থামিয়ে না দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি মো. হাতেম, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাস-ট্রাক মালিক সমিতির সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের কিরণ প্রমুখ।