প্লট কেনার স্বপ্ন ও ভোগান্তিনামা
ধানমন্ডির চেম্বারে একা বসে আছি। চেম্বারে তখনো সন্ধ্যাবাতি জ্বালানো হয়নি। আমি আনমনা হয়ে কবিতার জগতে প্রবেশের চেষ্টা করছি। ভাবের জগতে ডুবে যাওয়ার উপক্রম হতেই একজন এসে বললেন, ‘আমি কি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি?’ বললাম, নিশ্চয়ই। আপনাদের কথা শোনার জন্যই এখানে বসে আছি। ভদ্রলোক সামনের চেয়ারে বসে পরিচয় দিয়ে বললেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক। সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি।’ তিনি গুলশান আবাসিক এলাকায় একটি প্লট রাজউক থেকে ৯৯ বছরের জন্য ইংরেজি ১৯৯৬ সালের ৪ আগস্ট রেজিস্টার্ড লিজ দলিলমূলে লিজ পান। বন্দোবস্ত পেয়ে নিজের নামে নামজারি ও জমা-খারিজ করেন। ডেভেলপার নিজেকে একজন অভিজ্ঞ ডেভেলপার হিসেবে পরিচয় দিয়ে অধ্যাপক সাহেবের আস্থা অর্জন করেন। ঢাকা শহরে জমির মালিক ও ডেভেলপারদের যে সম্পর্ক, তা-ই ঘটে গেল দুজনের মধ্যে। অধ্যাপক সাহেব আর ডেভেলপারের সঙ্গে ২০০২ সালের ৩১ মে চুক্তি হয়ে গেল। চুক্তি অনুযায়ী ডেভেলপার দুই ইউনিটের ছয়তলা অ্যাপার্টমেন্ট করবে। জমির মালিক পাবেন ৪৭ শতাংশ এবং ডেভেলপার পাবে ৫৩ শতাংশ। ডেভেলপার পাবে পাঁচটি আর জমির মালিক পাবেন চারটি অ্যাপার্টমেন্ট। চুক্তির শর্ত অনুযায়ী জমির মালিক গাড়ি পার্কিংসহ নিচের একটি তলা পাবেন। জমির মালিক অধ্যাপক সাহেব চুক্তি সম্পাদনের পর আনন্দে সুখের স্বপ্নের জাল বুনতে থাকেন। প্রতিদিন অধ্যাপক সাহেব কাজের অগ্রগতি দেখেন আর ভাবেন, সুখের নাগাল আর কত দূর? কিন্তু কে জানে একদিন অধ্যাপক সাহেবের রাতের ঘুম কেড়ে নেবে সেই লিমিটেড কোম্পানি। প্রজেক্টের কাজ শেষ না করেই এবং অধ্যাপক সাহেবের কাছ থেকে আমমোক্তারনামা না নিয়েই কোম্পানি তার প্রাপ্য পাঁচটি অ্যাপার্টমেন্ট কয়েকজনের কাছে বিক্রি করে দেয়। খরিদ্দারেরা অ্যাপার্টমেন্টের দখল পেলেন বটে, কিন্তু খরিদের কবলা পাননি। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। খরিদ্দারেরা খরিদা কবলা ও পানি-বিদ্যুৎ সংযোগ ব্যতীত অ্যাপার্টমেন্টের বাসিন্দা। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত অ্যাপার্টমেন্টের খরিদ্দারেরা অধ্যাপক সাহেব আর লিমিটেড কোম্পানিকে বিবাদী করে চুক্তি প্রবলের প্রার্থনায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করেন। অধ্যাপক সাহেব মামলায় হাজির হয়ে দেওয়ানি কার্যবিধির ৭ নম্বর আদেশের ১১(এ) ও ১১(ডি) বিধানে আরজি খারিজের প্রার্থনা করেন। কারণ, বাদী, খরিদ্দারেরা আর ডেভেলপারের সঙ্গে এই মর্মে চুক্তি রয়েছে যে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসা করতে হবে। চুক্তিতে সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার শর্ত থাকায় তা পূরণ না করে বাদী, খরিদ্দার নম্বর দেওয়ানি মামলা করতে পারে না। তদুপরি অধ্যাপক সাহেব মামলায় প্রয়োজনীয় পক্ষ নন। কারণ, বাদী, খরিদ্দার ও ডেভেলপারের মধ্যে সম্পাদিত চুক্তিতে অধ্যাপক সাহেব পক্ষ নন। ডেভেলপার প্রজেক্টের কাজ শেষ না করায় অধ্যাপক সাহেবকে তাঁর প্রাপ্য অ্যাপার্টমেন্ট বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তিনি ডেভেলপারকে আমমোক্তারনামা সম্পাদন করে দিতে পারছেন না। কাজেই বাদীদের আরজি রক্ষণীয় নয় বিধায় সরাসরি খারিজের যোগ্য। যুগ্ম জেলা জজ উভয় পক্ষকে শুনানির পর ইংরেজি ২০০৮ সালের ১৩ নভেম্বর আরজি খারিজের দরখাস্তটি খারিজ করে দিলে অধ্যাপক সাহেব আদেশটিতে ক্ষুব্ধ হয়ে মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন দায়ের করেন। সিভিল রিভিশনটি বিচারাধীন।অধ্যাপক সাহেবের মামলার কাজে চেম্বারে অনেক রাত হয়ে যাওয়ায় নিজের গাড়ি দিয়ে আমাকে আমার বাসায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। গাড়িতে দুজনে অনেক গল্প হলো। গাড়ি ট্রাফিক জ্যামে বিশ্রাম নিচ্ছিল। আমরা উভয়ে কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ অবচেতন মনে অধ্যাপক সাহেব বলে উঠলেন, ‘নিজের টাকায় জমি খরিদ করে এখন রাস্তায় রাস্তায় দিন-রাত শুধু ঘুরেই বেড়াচ্ছি। তবুও মুক্তির পথ খুঁজে পাচ্ছি না।’ কথাটি শুনে আমার খুব খারাপ লাগল। ভাবলাম, হয়রানি মাত্র শুরু। এই মামলা কখন শেষ হবে, তা কে জানে? মামলা থেকে জন্ম হবে মামলার শাখা-প্রশাখা। মূল মামলা বাদ দিয়ে শাখা-প্রশাখা মামলা নিয়ে লড়তে হবে—নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ হয়ে আপিল বিভাগ পর্যন্ত। অনেক বছর পর দেখা যাবে মূল মামলা যেখানে ছিল, সেখানেই পড়ে আছে। এবার মূল মামলা নিয়ে অগ্রসর হওয়া। এবারও একই প্রক্রিয়ায় আপিল বিভাগ পর্যন্ত যেতে হতে পারে। মূল মামলা যদি কখনো রিমান্ডে আসে, তাহলে আবার শুরু হবে পুরোনো প্রক্রিয়া। মামলা শুধু পক্ষদের চুম্বকের মতো আটকে রাখে। আইনের জগতে বিচরণ বড় বেশি বেদনার আর বিচিত্র। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ হয়ে আপিল বিভাগে যাবে মামলা। শ্রম আর টাকার অপচয়ে একদিন দেখা যাবে মামলার বাদী আর বিবাদীরা খুব বেশি ক্লান্ত। মামলার ফল ভোগ করার মতো শক্তি থাকবে না। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে থানায় একাধিক জিডি করা হয়ে গেছে। ফৌজদারি মামলা করার পরামর্শ দিচ্ছেন অনেকে। একদিন দেখা যাবে, উভয় পক্ষ ফৌজদারি মামলার জালে আটকা পড়েছে। চলবে দেওয়ানি ও ফৌজদারি মামলা পাশাপাশি। এখন অধ্যাপক সাহেব আর বাদী-খরিদ্দারের অবস্থা হলো কেউ কাউকে ছাড়তেও পারছে না, আবার বের হতেও পারছে না। উভয়ের জন্য উভয় সংকট। উভয়ের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।আমার এক ছাত্রী ক্লাসে বলল, ‘স্যার, নিজের জমানো টাকায় ঢাকা শহরে প্লট কিনে দেখি প্লটটি ব্যাংকে মর্টগেজ দেওয়া। এখন ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করে আমার খরিদা প্লটটিতে ডিক্রি পেয়েছে। আমি ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আশ্রয় নিয়েছি। এখন শুধু টেনশন আর টেনশনে রাত-দিনের ঘুম হারাম। মামলা চালাতে টাকা খরচ করে এখন দিশেহারা। শেষ পর্যন্ত দেখা যাবে, প্লট আর মামলার খরচে নিজের জমানো বাকি টাকাও হারালাম।’ ১৮৭২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে ‘ক্রেতা সাবধান’ একটি নির্দেশনা রয়েছে। কিন্তু কীভাবে? জমির বিক্রেতা কোনো প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখেছেন কি না; অন্যের কাছে বিক্রি অথবা বিক্রির চুক্তি করেছেন কি না—একজন ক্রেতার পক্ষে একেবারে অসম্ভব এসব বিষয় জানা। এভাবে দেখা যায়, অনেকে ফ্ল্যাট কিনে দেখেছে, ফ্ল্যাট বিক্রেতা ফ্ল্যাট তৈরির আগেই ব্যাংক থেকে ঋণ নিয়ে বসে আছেন। অনেকে সাবধানতা হিসেবে ক্রয়ের আগে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাবধান দায়িত্বটি পালন করতে চান। এতে কি শেষ রক্ষা হয়? প্রতারকের সঙ্গে কুলিয়ে ওঠা একেবারেই অসম্ভব। এখানে আইন খুব বেশি কঠোর হওয়া উচিত। প্রতারকের জন্য প্রয়োজনে কঠোর আইন করতে হবে। এটা মানুষ হত্যার চেয়ে কোনো অংশে কম অপরাধ নয়। এখানে মানুষকে তিলে তিলে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। এ কারণে ঢাকা শহরে অনেকে কিছু কিনতে সাহস পায় না। ক্রয় থেকে বিরত থাকা সমাধানের পথ নয়। সমাধানের পথ হলো, প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি। বাংলাদেশকে নিয়ে আমরা সবাই একটি স্বপ্ন দেখেছিলাম। যেখানে গণতন্ত্র থাকবে; মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা থাকবে না। দেশটি বাসের উপযোগী হয়ে উঠবে। কিন্তু তা হয়ে ওঠেনি। গ্রাম-গঞ্জে, শহরে-বন্দরে জোর যার মুল্লুক তার চলছে। যার ক্ষমতা আর টাকা রয়েছে, তার কিসের অভাব? একবার কেউ কারও জমি জোর করে দখল করলে, তাকে আইনি প্রক্রিয়ায় তুলতে গেলে জীবন-যৌবন, বাকি টাকা-পয়সা শেষ করে পথের ভিখারি হতে হয়। এ জন্য দেশে ভদ্রলোকেরা কোণঠাসা হয়ে পড়েছেন। যে অধ্যাপক সাহেবের ক্লাসে বিদ্যা বিলানোর কথা, এখন তিনি কোর্ট-কাছারির বারান্দায় ঘুরছেন। বাদী খরিদ্দারেরা নিজের টাকায় অ্যাপার্টমেন্ট কিনে এখন মামলার পেছনে দৌড়াতে বাধ্য হয়েছেন। অথচ এঁদের এমন ভাগ্য হওয়ার কথা নয়।অধ্যাপক সাহেব, অ্যাপার্টমেন্টের খরিদ্দারেরা আর আমার ছাত্রী কী দোষ করেছিল? তাঁদের কেন এত ভোগান্তি হবে? শুধু এঁরাই নয়—এভাবে অগণিত মানুষ একই সমস্যায় ভুগছে।লেখক সাবেক জেলা ও দায়রা জজ। আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।