প্লটের বদলে ১২ গুণ বেশি দামে ফ্ল্যাট কিনতে হবে স্বল্প আয়ের মানুষকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লট দেওয়ার জন্য প্রায় ২৩ হাজার আবেদনকারীর কাছ থেকে জামানত নেওয়া হয়েছিল ১৯৯৮ সালের শুরুতে। এক যুগেরও বেশি সময় পার করে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে—প্লট নয়, দেওয়া হবে ফ্ল্যাট। মূল দাম এবং নানা শর্ত আরোপের কারণে দাম পড়বে আগে ঘোষিত প্লটের তুলনায় প্রায় ১২ গুণ বেশি। রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের এফ ব্লকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই ফ্ল্যাট দেওয়ার জন্য সম্প্রতি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনপত্র নেওয়ার শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ বছর আগে আড়াই কাঠার প্লটের জন্য যেখানে তিন লাখ ৭৫ হাজার টাকা ধরে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের কাছ থেকে জামানত নেওয়া হয়েছিল, তাঁরাই এখন ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে, এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটের দাম পড়বে প্রায় ৪৫ লাখ টাকা। জানা যায়, দুই ধরনের আয়তনের মোট ৯০০টি ফ্ল্যাট দেওয়া হবে এই প্রকল্পে। সাময়িকভাবে এক হাজার বর্গফুটের ৫৪০টি ফ্ল্যাট দেওয়া হবে ৩৫ লাখ টাকায়। এ ছাড়া ৮০০ বর্গফুট আয়তনের ৩৬০টি ফ্ল্যাট দেওয়া হবে ৩০ লাখ টাকায়। শর্ত জুড়ে দেওয়ার পর এই দামের সঙ্গে যুক্ত হবে আরও প্রায় ১০ লাখ টাকা। এই দাম বেসরকারি হাউজিং কোম্পানিগুলোর (ডেভেলপার) নির্মাণ করা ফ্ল্যাটের অনুপাতে বেশি বলে দাবি করেন রিয়েল এস্টেট ও হাউজিং কোম্পানি অব বাংলাদেশের (রিহ্যাব) একাধিক কর্মকর্তা। বসবাসকারীদের না সরিয়েই প্লট প্রকল্প হয়েছিল: মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির পাশে এবং কৃষি মার্কেটের পেছনে সাত একর জায়গা নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এফ ব্লক প্রকল্প এলাকা। কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, এখানে দীর্ঘদিন ধরে বসবাসরত অবাঙালিদের সরানো বা পুনর্বাসনের ব্যবস্থা না করেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে দেড় শ প্লটের আবাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু তত্কালীন সরকারের অদূরদর্শিতা এবং পরবর্তী চারদলীয় জোট সরকারের উদ্যোগ গ্রহণে অনীহার কারণে প্রকল্পটি ঝুলে থাকে। এর দায়ভার বহন করতে হয় জামানত দেওয়া কয়েক হাজার আবেদনকারীকে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্লট প্রকল্প বাতিল করে ফ্ল্যাট করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বসবাসরতদের সরিয়ে নেওয়া হয়। সূত্র জানায়, শুরুতে এখানে ১৫ তলার ১৫টি ভবন নির্মাণের কথা হলেও পরে তা পাল্টিয়ে ১৪ তলা করার সিদ্ধান্ত হয়। এগুলোর মধ্যে এক হাজার বর্গফুটের ফ্ল্যাটের জন্য নয়টি এবং ৮০০ বর্গফুটের জন্য ছয়টি ভবন হবে। বাড়তি বোঝা: সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিদ্ধান্ত হয়েছিল, এক যুগ আগে যাঁরা ৩০ হাজার টাকা জামানত দিয়েছিলেন, তাঁরা এক হাজার বর্গফুটের ফ্ল্যাট পাবেন ১০ লাখ টাকায়। কিন্তু এখন প্রায় চার গুণ দাম বাড়ানো হয়েছে।সূত্র জানায়, এই ফ্ল্যাট পেতে কমপক্ষে ছয় বছর সময় লাগবে এবং এ ক্ষেত্রে মোট টাকার সঙ্গে আরও কয়েক লাখ টাকা যুক্ত হবে। গৃহায়ণ কর্তৃপক্ষের দেওয়া প্রসপেক্টাসে উল্লেখ করা হয়, ফ্ল্যাট নির্মাণকালে কোনো কারণে নির্মাণসামগ্রীর দাম ওঠানামা করলে, আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদি বাড়ানো হলে ফ্ল্যাটের মূল দাম বা কিস্তির সঙ্গে সমন্বয় করা হবে এবং এ ক্ষেত্রে প্রাপকেরা সমন্বয় করা দাম পরিশোধে বাধ্য থাকবেন। অন্যথায় বরাদ্দপত্র বাতিল হবে এবং আগে দেওয়া মোট টাকা থেকে ৫ শতাংশ কেটে নেওয়া হবে। বাকি টাকা তিন মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। তবে এর জন্য কোনো সুদ দেওয়া হবে না। ফ্ল্যাটের জন্য নির্বাচিত হলে মোট মূল্যের ৭৫ শতাংশ নির্মাণকালীন চার বছরে চার কিস্তিতে পরিশোধ করতে হবে। বাকি ২৫ শতাংশ টাকা ১৫ বছরের মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে দখল পাওয়ার পর।এক যুগ আগে যা বলা হয়েছিল: সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের নভেম্বরে তত্কালীন গৃহসংস্থান অধিদপ্তর (২০০১ সালে কর্তৃপক্ষ হয়) থেকে এফ-ব্লকে চার ধরনের প্লটের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। জমির দাম সাময়িকভাবে প্রতি বিঘা ৩০ লাখ টাকা ধরা হয়েছিল। এগুলোর মধ্যে আড়াই কাঠা আয়তনের প্লটের জন্য ৩০ হাজার, দুই কাঠার জন্য ২৫ হাজার, পৌনে দুই কাঠা ও অসম আকৃতির প্লটের জন্য ১৫ হাজার টাকা জামানত নেওয়া হয়েছিল। প্রতি কাঠা দেড় লাখ টাকা হিসাবে আড়াই কাঠার প্লটের জন্য তিন লাখ ৭৫ হাজার টাকা, দুই কাঠার জন্য তিন লাখ, পৌনে দুই কাঠার দুই ধরনের প্লটের জন্য দুই লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। প্রায় ২৩ হাজার আবেদনকারী এতে অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে সাত হাজার ৬১০ জন জামানতের টাকা উঠিয়ে নেননি। প্লট পাওয়ার আশায় দিন গুনছিলেন তাঁরা। প্রচুর ফরম বিক্রি হচ্ছে: ঢাকায় গৃহায়ণ কর্তৃপক্ষের সেগুনবাগিচা, মোহাম্মদপুর ও মিরপুর কার্যালয়ে এবং ঢাকার বাইরে সব বিভাগীয় শহরে এফ-ব্লকের ফ্ল্যাটের আবেদনপত্রের ফরম বিক্রি হচ্ছে। ঢাকার কার্যালয়গুলো থেকেই বেশি ফরম বিক্রি হচ্ছে বলে জানা যায়। গতকাল সেগুনবাগিচা কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে বলা হয়, এক হাজার বর্গফুটের ফ্ল্যাটের আবেদনপত্রই বিক্রি হচ্ছে বেশি। গতকাল সাড়ে ৩০০ ফরম বিক্রি হয়। কোনো সংস্থার অনুমোদন নেওয়া হয়নি: বড় আবাসন প্রকল্প হাতে নেওয়ার আগে পানি, বিদ্যুত্, গ্যাসসহ বিভিন্ন সেবা সংস্থার অনুমতিপত্র নিতে হয়। কারণ, এক একটি এলাকার আবাসিক ভবন ও লোকসংখ্যা অনুসারে সেবা প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সরবরাহব্যবস্থা রাখতে হয়। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা ওয়াসা, তিতাস ও ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এত ফ্ল্যাট নির্মাণের বিষয়ে অনুমতিপত্র নেওয়া দূরে থাক, এ ব্যাপারে আগে থেকে কিছু জানানোই হয়নি। বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বেসরকারি মালিকানায় বহুতল ভবনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ১২টি সেবা সংস্থার অনাপত্তিপত্র যাচাই করে। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ ‘সরকারি’ বলে তা দেখা হচ্ছে না—এমন অভিযোগ সম্পর্কে রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, নিয়ম অনুযায়ী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছেও এসব ভবনের নকশা অনুমোদন ও ১২টি সেবা সংস্থার অনাপত্তিপত্র চাওয়া হবে। তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, একসঙ্গে অনেককে বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে প্লটের পরিবর্তে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিয়ম অনুযায়ী সেবা সংস্থাগুলোর কাছে চিঠিও যাবে। দীর্ঘ সময় সাধারণ মানুষের জামাতের টাকা আটকে থাকা এবং বর্তমানে ফ্ল্যাট বরাদ্দে নানা শর্ত জুড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকারি নিয়ম অনুসারেই সব করা হয়েছে। মো. আখতারুজ্জামান বলেন, ‘ওই এলাকায় বেসরকারি ফ্ল্যাট প্রতি বর্গফুট এখন ছয় থেকে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমরা সে তুলনায় অনেক কমে বিক্রি করছি। তার পরও কম নেওয়া হতো, কিন্তু আমাদের উন্নয়ন খরচ অনেক বেশি পড়ছে।’ এক হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাটে প্রতি বর্গফুটের দাম দুই হাজার ৮৫০ টাকা পড়ছে বলে উল্লেখ করেন তিনি। তবে প্রসপেক্টাসে এক হাজার বর্গফুটের সাময়িক মূল্য তিন হাজার ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে।