সবার চেয়ে আলাদা হওয়ার উপদেশ দিতে গিয়ে ইংরেজ কবি টি এস ইলিয়ট বলেছিলেন, ‘কবিদের হতে হয় প্লাটিনামের মতো।’ তাবত্ দুনিয়ায় এত কিছু থাকতে প্লাটিনামের নাম বলার পেছনে যুক্তি হচ্ছে, এই ধাতুটা শুধু যে স্বর্ণের চেয়ে দামি তাই নয়, পৃথিবীর অন্য সব ধাতু থেকেও আলাদা, স্বকীয়।প্লাটিনামের সেই আভিজাত্য আর স্বকীয়তার কথা মাথায় রেখেই গড়ে উঠেছে ‘প্লাটিনাম সুইটস’। প্লাটিনাম সুইটস শুনে কিন্তু আবার ভাববেন না, এটা কোনো ধরনের মিষ্টির দোকান। এটা হলো আমাদের দেশের একটি বনেদি বুটিক হোটেলের নাম। এখানে ‘সুইট’ হলো হোটেল কক্ষ। বনানীর ১১ নম্বর রোডে, এফ ব্লকের ৫৮ নম্বর বাড়িটিই হলো ‘প্লাটিনাম সুইটস’। মোটামুটি নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা এ হোটেলে আছে চার-চারটি রেস্তোরাঁ। ফলে বিশ্বের প্রায় সব ধাঁচের খাবার মেলে এখানে। একেবারে শুরুতেই আছে ‘টেরা বিস্ত্রো’। টাটকা স্বাদের কফি আর হরেক পদের ফাস্টফুড মেলে এখানে। ফ্রান্সের প্যান কেক, জাপানের সুশি, থাইল্যান্ডের টম ইয়াম গাই, লেবাননের চিকেন সরমা, ভারতের পাও ভাজি—এ রকম নানা পদের খাবার দিয়ে সাজানো টেরা বিস্ত্রোর মেন্যু। ৫০ থেকে শুরু হয়ে দাম ঠেকেছে ১৭৫ টাকায়। তাই খুব একটা রেস্ত খরচ করার দরকার পড়ে না এখানে খেতে। ভোজন-রসিকদের পাশাপাশি কফিভক্তদের কাছে এখানকার কফিও বিখ্যাত। জানা গেল টেরা বিস্ত্রোর জন্য কফির বীজ আসে সেই সুইজারল্যান্ড থেকে। তারপর সেটাকে এখানেই গুঁড়ো করে পরিবেশন করা হয় টাটকা সুগন্ধের দুর্দান্ত কফি।টেরা বিস্ত্রো পেরিয়ে আরেকটু ভেতরে ঢুকে গেলেই চলে আসে ক্যাফে নিমোর সাজানো সুন্দর আঙিনা। এখানে মিলবে প্রাচ্য আর পাশ্চাত্যের হরেক রকম পদ। মেক্সিকান নাচো, থাই ফিশ কেক, গ্রিক সালাদ, কোরিয়ান বার বি কিউ থেকে শুরু করে চিংড়ির দোপেয়াঁজা, কড়াই মুরগি, ডাল মাখনি, মালাই চিকেন টিক্কা এমন আরও অনেক কিছু। বুফে পদ্ধতিতে খাবার খাওয়া যায় এখানে। সব মিলে প্রায় ১৫টি পদ থাকে প্রতিদিন। পদের এমন বাহার শুনে অবশ্য ঘাবড়ানোর কিছু নেই। শ চারেক টাকা হলেই একজনের পক্ষে খাওয়া সম্ভব হবে ক্যাফে নিমোতে।এর ওপরে আছে ‘জিজি রিস্তোরান্তে’। আপাদমস্তক ইতালিয়ান এ রেস্তোরাঁ। পাস্তা, পিত্জা থেকে শুরু করে মিনেস্ত্রোন ঝুপ (সুপ), পোলো এ লা কাক্কিয়াটোরা (গ্রিল করা মুরগি), ইনসালাটা জিজি (সবজি) এবং আরও অনেক রকমের খানদানি ইতালিয়ান খাবার মেলে এখানে।তবে আক্ষরিক অর্থেই এসব কিছুর ওপরে রয়েছে প্লাটিনাম সুইটসের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন, ‘প্লাটিনাম ট্যারেস’। হোটেলের ছাদের ওপরে, খোলা আকাশের নিচে বসে মোমের আলোয় খাবার খেতে যে কী রকম অদ্ভুত লাগে! চোখের সামনে বার বি কিউ করা হবে খাবার। অ্যারাবিক হাম্মাস ডিপ, চানা চাট সালাদ, মাটন সিক কাবাব, পনির টিক্কা, বিফ দোপেয়াঁজা, বড় বড় চিংড়ির গ্রিল আর ভাজা মুরগির রান চিবোতে চিবোতে দারুণ মজায় গল্প করা যাবে প্রিয় সঙ্গীর সঙ্গে। বাড়তি পাওনা হিসেবে প্রত্যেক শুক্রবার এখানে ব্যবস্থা করা হয় ‘লাইভ মিউজিক’-এর। ভাগ্য একটু ভালো হলে দেখা পেয়ে যেতে পারেন জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর প্রখ্যাত গায়ক শাফিন আহম্মেদের। কেননা প্লাটিনাম সুইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাফিন আহম্মেদ। তাঁর তত্ত্বাবধানেই শুক্রবার রাতে এই গানের আয়োজনটা হয়ে থাকে।প্লাটিনাম সুইটসের সেলস ও প্রমোশন বিভাগের প্রধান মোহাম্মদ আলী জানান, ঢাকার ৪০০ বছরকে সামনে রেখে অনেকটা দেশীয় ধাঁচে সাজানো হয়েছে প্লাটিনাম সুইটসের অন্দর মহল। সেই সঙ্গে দেশীয় ঐতিহ্যকে বিদেশি অতিথিদের সামনে তুলে ধরার একটা দারুণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সে জন্য হোটেলের সেরা চারটি ঘরের নাম রাখা হয়েছে নকশিকাঁথা, জামদানি, মসলিন আর রেশমি। সেই সঙ্গে পুরো হোটেল সাজানো হয়েছে ঢাকার ঐতিহ্যকে আগলে রেখে। তাই দেয়ালে দেয়ালে ঝুলছে পুরোনো ঢাকার নানা তেলচিত্র আর নিদর্শন।