প্লাবিত উপকূল, বিপর্যস্ত জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাইজান, না পারি রাইনতাম, না পারি কাম কইত্তাম। দুদিন দইর‌্যা না খাইয়্যা আছি। রাইত্তা গুমাইতামও পারি না, ঘরবাড়ি সব ডুবি আছে। বাড়ির মাতারিগরে এক বাড়িত নিয়া রাইকছি। নিজেরাও এনে-ওনে রাইত কাডাই।’ দুর্ভোগের কথাগুলো বলছিলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা মাঝিবাড়ির মো. গিয়াস উদ্দিন মাঝি (৪৭)।গিয়াস উদ্দিন মাঝির মতো অবস্থা উপকূলের মানুষের। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়াসহ চার দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। অন্তত ৩৪টি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে দেড় লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে আউশ ধানসহ বিভিন্ন ফসল, মাছের ঘের। অনেক স্থানে বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। না খেয়ে, না দেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিবন্দী লাখো মানুষ: পটুয়াখালী সদর, বাউফল, গলাচিপা, মির্জাগঞ্জ, দশমিনা, কলাপাড়া ও দুমকি উপজেলার অন্তত ৪০ হাজার মানুষ; বাগেরহাট সদরে ৩০ হাজার; বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বেতাগী ও বামনায় ২৫ হাজার; ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরায় ২৫ হাজার; নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে ২৫ হাজার; লক্ষ্মীপুরের রামগতিতে ১০ হাজার এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার আড়াই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান গতকাল বলেন, দুপুরের জোয়ারের পানিতে বেড়িবাঁধের বড় একটি অংশ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভৈরব নদে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ উপচে রাধাবল্লভ, গোবরদিয়া ও পুঁটিমারী গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিনটি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বিসিক শিল্প নগরের মিল-কলকারখানা পানিতে তলিয়ে গেছে।সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপির চেয়ারম্যান কাসেম মোড়ল বলেন, জেলেপাড়া ও মীরগাং এলাকায় কয়েকটি কাঁচা ঘর ধসে পড়েছে। সড়ক ও বাড়ির আঙিনা ডুবে বড় ভেটখালী ও যতীন্দ্রনগর এলাকার তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে প্রায় এক হাজার বিঘা চিংড়িঘের। হরিনগর ও বড় ভেটখালী এলাকার পাউবোর বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।প্রবল জোয়ারে হাতিয়ার নিঝুম দ্বীপ, সুখচর, বুড়িরচর, জাহাজমারা, সোনাদিয়া, হরনী, চানন্দী, চর ঈশ্বর, নলচিরা ও তমরদ্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা চার দিন ধরে পানিবন্দী। গতকালও জোয়ারের পানি ওঠা অব্যাহত থাকায় সেখানকার মানুষের দুর্ভোগ আরও বাড়ে। নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, দ্বীপের শতাধিক কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। জোয়ারে ভেসে গেছে দেড় শতাধিক গবাদিপশু।লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লাহ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল খালেক গতকাল তেলির চর থেকে মুঠোফোনে বলেন, এলাকায় প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী। অনেকের বসতঘর ধসে গেছে। লোকজন ঘর থেকে বের হতে পারছে না। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।বাঁধে ভাঙন: ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহির উদ্দিন বাবর প্রথম আলোকে বলেন, তাঁর এলাকার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো ভেঙে গেছে। বাঁধ ভেঙে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। তিনি বলেন, ‘তারা না পারছে ঘরে আশ্রয় নিতে, না পারছে আশ্রয়কেন্দ্রে যেতে। এখন পলিথিন মুড়ি দিয়ে বিভিন্ন দোকানে বাজারে অন্যের ঘরের নিচে আশ্রয় নিয়েছে। কিন্তু এ রকমভাবে কতক্ষণ থাকা যায়। এসব পরিবারকে শুকনা খাবার দেওয়া দরকার।’ পটুয়াখালীর বাউফল উপজেলার চর মিয়াজান, চর অডেল, চর রায়সাহেব ও চর ব্যারেটের চারটি চরের আট কিলোমিটার বেড়িবাঁধের চারটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এলাকার আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব মিয়া বলেন, ভাঙনের স্থান দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। এলাকার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান বলেন, জোয়ারের পানির প্রবল চাপে মির্জাগঞ্জ উপজেলার রামপুর-পিপড়াখালী পোল্ডারের প্রায় ৫০০ মিটার, কাকড়াবুনিয়া ৪১/৭ পোল্ডারের প্রায় ১০০ মিটার এবং সদর উপজেলার ইটবাড়িয়া-লেবুখালী পোল্ডারের ১০০ মিটার বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের এসব পয়েন্ট ঝুঁকির মধ্যে রয়েছে। পাউবো সূত্র জানায়, বৃষ্টি ও জোয়ারের পানির চাপে গলাচিপা উপজেলার চর বিশ্বাস, চর মোন্তাজ, কলাগাছিয়া, গোলখালী, রাংগাবালী ইউনিয়নের আটটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সফিউদ্দিন বলেন, লালুয়া, নিজামপুর-মোয়াজ্জেমপুর, পেয়ারপুর, চর কাজল, পানপট্টি-ডাকুয়া, গোলখালী এলাকার বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের তোড়ে হুমকির মুখে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্তত ৫০ কিলোমিটার বেড়িবাঁধ। হাতিয়ার তমরদ্দি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবু বলেন, কুরালিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে ১০০ মিটার নতুন বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় মাছের খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। পানির নিচে আউশ: বোরহানউদ্দিনের পক্ষিয়ার ইউনিয়নের পশ্চিম বিল, দারোগা বিল, পণ্ডিতের বিল, পক্ষিয়ার বিল ও পাটওয়ারি বিলের প্রায় এক হাজার ২০০ একর এবং বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা, উত্তর বাটামারা বিলের প্রায় ৮০০ একর আউশ পানির নিচে ডুবে আছে। পক্ষিয়ার ৬ নম্বর ওয়ার্ডের নুরে আলম বলেন, ‘পাঁচ দিন ধরে ওই আউশ ধান পানির নিচে। ধানের থোড় এসেছে। এখন পানি নামলেও ওই ধান থেকে আর ফসল পাওয়ার সম্ভাবনা নেই।’ তিনি বলেন, তিন বছর ধরে বাঁধ ভেঙে তাঁদের ফসল নষ্ট হচ্ছে। এর প্রধান কারণ অসময়ে বাঁধ নির্মাণ। শীত মৌসুমে বাঁধ নির্মাণ করলে এ সমস্যা থাকত না।তলিয়ে গেছে পুকুর, ভেসে গেছে মাছ: বোরহানউদ্দিনের বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়নের দুই শতাধিক পুকুর ডুবে গেছে। পক্ষিয়া ৫ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিন বলেন, তাঁর দুটি পুকুর ডুবে ৬০ হাজার টাকার মাছ ভেসে গেছে। বাগেরহাট জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ইলিয়াস মাহমুদ বলেন, মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও সদর উপজেলার কয়েক শ চিংড়িঘের জোয়ারের এবং টানা বৃষ্টির পানিতে ভেসে গেছে। তবে এতে চাষিদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি জানাতে পারেননি।সাতক্ষীরায় ভেসে একাকার হয়ে গেছে সাত হাজার বিঘা চিংড়িঘের।লঞ্চ ও বাস চলাচল বন্ধ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকালও পটুয়াখালী, বরগুনার নদী বন্দরের অভ্যন্তরীণ সব কটি পথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। জোয়ারের পানিতে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের তিনটি ফেরিঘাট ও দুমকির লেবুখালী ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। জোয়ারের সময় পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন দিন ধরে এই অবস্থা চলছে। পায়রা নদী উত্তাল থাকায় মির্জাগঞ্জের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে জেলা সদরের সঙ্গে মির্জাগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ গতকালও বিচ্ছিন্ন ছিল। গতকালও বরগুনা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।নোয়াখালী রেড ক্রিসেন্টের উপপরিচালক আজরুদ্দিন সফদার বলেন, বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া ও নিঝুম দ্বীপের সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। নিঝুম দ্বীপে রেড ক্রিসেন্টের ওয়্যারলেস সেটটি বিকল থাকায় সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও জানা যাচ্ছে না।আইলা-দুর্গত মানুষের দুরবস্থা চরমে: ‘আর নিখে কি হবে? আমাগো তো দিখার কেউনি, দু বছর ধুরে বাঁধের উপর থাকলিও বাড়ি ফেরার মতো ব্যবস্থা কেউ করিনি।’ সাংবাদিক পরিচয় পেয়ে আক্ষেপভরা কণ্ঠে উপজেলার আইলায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের শেফালী বেগম এভাবে প্রকাশ করলেন তাঁর অনুভূতি। পাশের উপকূল রক্ষা বাঁধের ওপর পরিবার-পরিজন নিয়ে বসবাসরত জাহানারা খাতুন বললেন, ‘গেওয়া কাঠের খুঁটি আর গোলপাতা দিয়ে ছাউনি করে কোনো রকমে মাথা গোঁজার ব্যবস্থা করলিও গত বৃষ্টি তা মানাচ্ছে না।’ [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অফিস, ভোলা, বাগেরহাট, রামগতি (লক্ষ্মীপুর), কলাপাড়া ও গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি]