প্লিজ, অবাক হবেন না
প্রিয় মেসি ভাই,আপনি এবং আপনার দলকে ধন্যবাদ। আপনারা ঢাকায় এসেছেন, এসে আমাদের ধন্য করেছেন। চোখ খুলে দিয়ে গেছেন। আমরা আবার জানলাম, বাংলাদেশ ফুটবলেরও দেশ। এ দেশের মানুষ আসলেই ফুটবল ভালোবাসে। লিওনেল মেসিকে চেনে।অবাক হচ্ছেন মেসি ভাই? ভাবছেন, ‘যারা আমার খেলা দেখে গেল, তারা কি আসলেই বাংলাদেশের মানুষ! বাংলাদেশে আসার আগে দেশটাকে জানার জন্য যে দু-একবার ইন্টারনেটে ঢুকে “বাংলাদেশ” লিখে সার্চ দিলাম, শুধু তো দেখলাম এ দেশ ক্ষুধা আর দারিদ্র্যের দেশ। এ দেশের মানুষ খায় তো পরে না, পরে তো খায় না। তাহলে সাড়ে সাত হাজার টাকার টিকিট কিনে গ্যালারিতে বসে তারা কীভাবে আমার খেলা দেখল?’অবাক হবেন না। আপনি সত্যি সত্যি বাংলাদেশই ঘুরে গেছেন। কল্পনা আর বাস্তবতা মিলে গেলে সেটা কি আর বাংলাদেশ! এ দেশে ঈদের চাঁদ দেখে যারা বেশি নাচে, তাদেরই ঈদ হয় না! আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটাও বাংলাদেশের বেশির ভাগ মানুষের জন্য সে রকমই একটা ‘ঈদ’ ছিল। পত্রপত্রিকায়, টেলিভিশনে আপনাদের আসার খবর শুনে নাচলেও অত টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের খেলা দেখার সামর্থ্য তাদের হয়নি। তবে তারা বিমানবন্দরে গিয়ে বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপন হয়েছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে বাসের জানালার ফাঁক দিয়ে আপনার মুখ দেখে আবেগাক্রান্ত হয়েছে।ভাই, বাংলাদেশে ফুটবলের আসলেই জনপ্রিয়তা আছে। বিশ্বাস না হলে একদিন এসে বি-লিগের খেলা দেখে যান। কিংবা আবাহনী-মোহামেডানের কোনো একটা ম্যাচ। বাজি ধরে বলতে পারি, ৬ সেপ্টেম্বর যাঁদের গ্যালারিতে দেখেছেন, তাঁদের বেশির ভাগকেই দেখবেন না। দেখবেন ইন্টারনেটে দেখে আসা বাংলাদেশের এক টুকরো ছবি। দেখবেন তাঁদের, ফুটবলের চরম দুর্দিনেও যাঁরা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে যাননি। পাঁচ টাকার বাদাম কিনে ফুটবলের জন্য গলা ফাটাচ্ছে, আবেগে ভাসছে। সাড়ে সাত হাজার টাকা দিয়ে টিকিট কিনে বাংলাদেশের ফুটবলের স্মরণীয়তম দিনের সাক্ষী হতে না পারলেও ফুটবল তাদের রক্তে। ‘বড় লোকের ম্যাচ’ না হয় তারা না-ই দেখল!ভাই, আমাদের দেশটা এমনই। এ দেশের দর্শক দুই রকম। একদল দুঃসময়ের আরেক দল সুসময়ের। প্লিজ, অবাক হবেন না।আপনার দর্শনে মুগ্ধতারেক মাহমুদ