প্লেন নামা তো দূরের কথা মাছই নেই আত্রাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি দেখে বোঝার উপায় নেই যে এখানে একসময় খরস্রোতা নদী ছিল। নদীটির নাম আত্রাই। আত্রাইয়ের বুক এখন শুকিয়ে খাঁ খাঁ। অথচ এই নদীতে একসময় অসংখ্য লঞ্চ, কার্গো চলাচল করত। নদীটি শুকিয়ে যাওয়ায় এই পথে নৌ-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ কারণে নৌপথে ব্যবসা-বাণিজ্যও হচ্ছে না।ব্যবসায়ী বিকাশ চন্দ্র বলেন, ‘নদীপথে বড় বড় নৌকায় অনেক বেশি মালামাল এক স্থান থেকে আবেক স্থানে আনা-নেওয়া করা সহজ হত। আর্থিকভাবেও লাভবান হওয়া যেত বেশি। নদীটি শুকিয়ে যাওয়ায় আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’এদিকে নদীটি শুকিয়ে যাওয়ায় বোরো চাষেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয় কৃষকেরা মনে করেন, জমিতে ঠিকমতো সেচ দিতে না পারায় এবারে বোরো উৎপাদন কম হবে।আত্রাই একসময় খরস্রোতা ছিল। ইতিহাস থেকে জানা যায়, আত্রাই ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার ত্রিস্রোতা (তিস্তা) থেকে উৎপত্তি হয়েছে। হিন্দু পুরাণে আত্রাইয়ের প্রচীনত্বের পরিচয় পাওয়া যায়। যেমন—‘আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতীসরযু গণ্ডকী পুণ্যাশ্বেত গঙ্গা চ কৌশিকী।’আত্রাই নদীতীরের বাসিন্দা গৃহবধূ গোধূলী বলেন, ‘নদী শুকিয়ে যাওয়ায় আমাদের কাপড় কাচা, গোসলসহ অন্যান্য কাজ করা কঠিন হয়ে পড়েছে। নদীতে পানি থাকলে খুব সুবিধা হয়।’ ব্যবসায়ী আল আমিন বলেন, ‘নদীতে পানি না থাকায় আমরা মাছও পাচ্ছি না। বাজারে মাছের আকাল দেখা দিয়েছে।’ মৎস্যজীবী প্রফুল্ল কুমার বলেন, ‘নদীতে পানি না থাকায় মাছ নেই, আর মাছ ধরতে না পারলে কীভাবে জীবন চালাব।’কৃষক জাহেদুল ইসলাম বলেন, ‘এলাকার বিশাল অঞ্চলজুড়ে বোরো চাষের জমিতে সেচের প্রধান উৎস নদীর পানি। সেই পানি না থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। অল্প কিছুসংখ্যক ডিপ মেশিন দিয়ে পানি সেচ কষ্টসাধ্য। তাই বোরো উৎপাদন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’উপজেলা বিহারীপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম বলেন, এক সময় এই নদীতে বড় বড় লঞ্চ চলত। শুধু তাই নয়, আত্রাই বিখ্যাত নদীবন্দর ছিল। ব্রিটিশ আমলে এই নদীতে প্লেন নামতো। সে সময় আত্রাই নদীতীরে র‌্যালি ব্রাদার্স অ্যান্ড কোং লিমিটেড নামে বিশাল জুট মিল ছিল। এই জুট মিলে পাটের পাকা বেল তৈরি হতো। পাকা বেলগুলো প্লেনযোগে আত্রাই থেকে সরাসরি স্কটল্যান্ডে পাঠানো হতো। এ কারণেই আত্রাই নদীতে প্লেন নামত।উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এ এফ এম মনসুর রহমান বলেন, ‘ষাটের দশকেও বিশাল খরস্রোতা আত্রাই নদীতে অসংখ্য পানশি নৌকা চলত। তখন নদীতে সবসময় পানি থাকত। সর্বদা বড় বড় ঢেউ উঠত নদীতে। ভরা নদীতে ঢেউয়ের তালে তালে শুশুক ওঠানামা করত। আর এই শুশুকের তাড়া খেয়ে বড় বড় বোয়াল, চিতল নদী থেকে লাফ দিয়ে চলমান নৌকায় উঠে আসত।’নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুসা নুরুল রহমান বলেন, ‘পানির উৎস বৃষ্টি ও উজানের পানি না এলে এর সমাধান করা অত্যন্ত কঠিন। প্রকৃতির সঙ্গে তো যুদ্ধ করা যাবে না। নদী ড্রেজিং-পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। একবার ড্রেজিং করলে তিন-চার বছর পর আবার পলি জমে একই অবস্থা হবে। রাবার ড্যাম করে শুষ্ক মৌসুমের জন্য পানি সংরক্ষণ করা যায় কি না, সেটা ভাবা হচ্ছে।’