পড়ছি, পড়াচ্ছি
সোমা সরকার, রোকেয়া হলের আবাসিক ছাত্রী। পড়ছেন প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্স। খণ্ডকালীন পরীক্ষা পরিদর্শক হিসেবে কাজ করছেন ব্রিটিশ কাউন্সিলে। পাশাপাশি তিনি দুটি টিউশনিও করেন। সোমার বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। দুই বোনের মধ্যে সোমা বড়। তিনি বলেন, ‘আমি সম্মান দ্বিতীয় বর্ষ থেকেই টিউশনি করি। প্রথম থেকেই ইচ্ছা ছিল, উচ্চশিক্ষা নেব নিজের খরচে। পড়াশোনার পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগাতেই টিউশনি করি। যা আয় করি, তা দিয়ে বেশ ভালোভাবেই লেখাপড়া চালিয়ে নিতে পারছি। বাসা থেকে কোনো খরচ আলাদা করে নিতে হয় না।’ তিনি আরও বলেন, ‘ভাবতে ভালোই লাগে, আমি এখন স্বাবলম্বী। পরিবারের ওপর নির্ভরশীল নই। নিজের শখগুলো নিজেই পূরণ করতে পারি। সময়টাও বেশ ভালোই কাটে।’ সোমা ভবিষ্যতে উচ্চতর শিক্ষা নিতে আগ্রহী। তিনি পেশাজীবনে শিক্ষকতাকেই বেছে নিতে চান।কথা হচ্ছিল, মোসাম্মৎ নাহিদ আক্তারের সঙ্গে। পড়ছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে চতুর্থ বর্ষে। থাকেন রোকেয়া হলে। নাহিদের বাবা কৃষিজীবী, মা গৃহিণী। তিনি বলেন, ‘এ বয়সে এসে বাসা থেকে খরচ নিতে ভালো লাগে না। স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থেকেই প্রথমে টিউশনি শুরু করি। এখন মনে হয়, সময়টা বেশ ভালোই কাটছে। নিজের জানার পরিধি বাড়ছে। বাসা থেকে এখন আর খরচের টাকা নিতে হয় না। যেহেতু বিসিএস পরীক্ষা দিতে চাই, তাই প্রস্তুতি নিতে টিউশনিটা কাজে দিচ্ছে। পুরোনো পড়াটা রিভিশন হয়ে যাচ্ছে।’ নাহিদ ভবিষ্যতে প্রশাসনে নিজের ক্যারিয়ার গড়তে চান।ইফতিয়ার জাহান, শামসুন নাহার হলের আবাসিক ছাত্রী। রসায়ন বিভাগে মাস্টার্স পড়ছেন। তিনি একটি টিউশনি করেন। মা-বাবা দুজনই চাকরিজীবী। মা-বাবাকে দেখে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন, বড় হয়ে স্বাবলম্বী হবেন। প্রথম দিকে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। বন্ধুরা একসময় যে যাঁর মতো ব্যস্ত হতে শুরু করলেন। তাঁরা সময় দেন নিজেদের কাজের ফাঁকে। মনে হলো, খণ্ডকালীন চাকরি হলে ভালো হয়। তবে তেমন সুযোগ আমাদের দেশে নেই। তাই টিউশনি নেন। এখন তাঁর অনেক ভালো লাগছে কাজটি করতে। যাকে বা যাদের পড়ান, তারা ভালো ফল করলে খুবই ভালো লাগে তাঁর। টিউশনির পাশাপাশি বাঁধনেও (সংগঠন) কাজ করেন। তিনি তাঁর হলের জোনাল প্রতিনিধি। আত্মপ্রত্যয়ী মেয়েটি স্বপ্ন দেখেন একজন সফল মানুষ হওয়ার। তিনি ভবিষ্যতে পেশা হিসেবে সরকারি চাকরিকে বেছে নিতে চান। তাই তো চলছে বিসিএসের প্রস্তুতি। বললেন, শিক্ষাজীবনে কাজের অভিজ্ঞতা চাকরিজীবনে বেশ সাহায্য করবে বলে আশা করি।তন্দ্রা মণ্ডল, পড়ছেন ফিন্যান্স বিভাগে, বিবিএ চতুর্থ বর্ষে। থাকছেন হলে। তিনি একটি টিউশনি করেন। তিনি বলেন, ‘অলস সময় কাটাব না বলেই টিউশনিটা নেওয়া। আমার ছাত্রীটি লেখাপড়ায় ভীষণ মনোযোগী। হ্যাঁ, স্বাবলম্বী হয়েছি। নিজের প্রয়োজনীয় খরচটা নিজেই চালাই। তেমন কোনো অসুবিধা হয় না।’ তিনি ভবিষ্যতে আর্থিক কোনো প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ পদে কাজ করতে চান। তিনি জানালেন, টিউশনি করলে জ্ঞান বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষতাও বাড়ে।মেয়েদের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রথমেই প্রয়োজন দৃঢ় মনোবল আর পরিশ্রম। প্রত্যেক মেয়েই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতে পারে। অর্থনৈতিক স্বাধীনতা একজন মানুষকে করে তোলে আত্মপ্রত্যয়ী ও গড়ে দেয় নিরাপদ ভবিষ্যৎ। স্বাবলম্বী মানুষ হওয়ার প্রথম পদক্ষেপ তাই নিতে পারেন আপনার শিক্ষাজীবন থেকেই। তবেই না হয়ে ওঠা যাবে দেশের যোগ্য নাগরিক।