তাঁরা সবাই একসঙ্গে চালিয়ে যাচ্ছেন দুটো কাজ। একদিকে লেখাপড়া, অন্যদিকে চাকরি। কীভাবে দুটো কাজে সমন্বয় করেন? কেন করেন? প্রয়োজন থেকে? ক্যারিয়ার দৌড়ে এগিয়ে থাকার জন্য? নাকি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য? এমন নানা বিষয় নিয়ে কথা বলেছেন চারজন। সামনেই ঈদ। তাই নিজের মতো করে ঈদের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তাঁরা। সাক্ষাৎকার নিয়েছেন তৌহিদা শিরোপা
পড়ছি কাজও করছি
কর্মজীবনের অভিজ্ঞতাই লেখাপড়ায় কাজে লাগছেসুমাইয়া ইসলাম লেবার রিলেশন অ্যান্ড এইচআর কনসালট্যান্ট, রিড কনসালটিং বাংলাদেশ লিমিটেডঅনার্স শেষ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম মাস্টার্সে—উন্নয়ন অধ্যয়নে। পাশাপাশি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে চালিয়ে যেতে লাগলাম চাকরি। আমি যেহেতুু গবেষণা নিয়ে পড়ছি, তাই কর্মক্ষেত্রের সঙ্গে সহজেই নিজেকে সম্পৃক্ত করতে পারছি। কর্মজীবনের অভিজ্ঞতাই লেখাপড়ায় কাজে লাগছে। বাড়তি কোনো চাপ অনুভব করি না। শুক্র ও শনিবারে পড়া কিছুটা এগিয়ে রাখি। কোনো পড়া না হলে তখন তা পড়ে ফেলি। তবে এটাও ঠিক যে কাজ ও পড়া একসঙ্গে চালিয়ে যাওয়া একটু কঠিন। তবু মেয়েদের কাজ করা উচিত। তাহলে পরিবার ও সমাজে তাঁর মতামত গুরুত্ব পায়। নারী স্বাবলম্বী হলে স্বাধীনতা আসে। নিজের যোগ্যতার প্রমাণ হয়ে যায়। আমিও তো চাকরি করার পর থেকে পরিবারে সহযোগিতা করতে পারছি। এতে একধরনের আত্মতৃপ্তি হয়। এটা না বললেই নয়, যদি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা না পেতাম, তাহলে কোনোভাবেই পড়া ও কাজ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। মাস্টার্সে আমার সুবিধামতো কোর্স নিয়েছি। কেউ চাইলে অবশ্যই সমানতালে কাজ ও পড়া ভালোভাবেই করতে পারবেন। সবচেয়ে ভালো লাগে ঈদের সময়। নিজের থেকে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে ভালো লাগে। পোশাকের পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় জিনিসটিও কেনা হয়। এই তো গতবার ঈদে বাসার জন্য পর্দার সেট কিনেছিলাম। তখনই ঈদের আনন্দ টের পাই।সহকর্মীদের সহযোগিতা পেলে সম্ভবফাহমিদা আমিনমিডিয়া প্ল্যানার, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডচাকরির পর প্রথম ঈদ। বেতনের পুরো টাকা দিয়েই পরিবার, আত্মীয়স্বজন—সবার জন্য উপহার কিনেছিলাম। সে কী অপার আনন্দ! আসলে অন্যকে কিছু দেওয়ার মধ্যেই ভীষণ ভালো লাগা কাজ করে। আগে তো ঈদে আব্বু আমাদের নতুন পোশাক কিনে দিতেন। এখন আমিই দিই সবাইকে। বিশেষ করে আমার ছোট বোনের জন্য অনেক খুঁজে পোশাক কিনি; যে পোশাকে ওকে সবচেয়ে সুন্দর দেখাবে। যেন বলতে পারে, সেরা পোশাকটা আপু আমার জন্য কিনে এনেছে। চাকরি না করলে এই আনন্দ থেকে বঞ্চিত হতাম। বিবিএ শেষ করার পরপরই কাজে যোগ দিই। সঙ্গে চালিয়ে যেতে থাকি এমবিএ পড়া। মনে হয়েছে, একদিকে লেখাপড়া করব, অন্যদিকে কর্মজীবনে অভিজ্ঞতা সঞ্চার করব। এই দুয়ের সমন্বয়ে ভবিষ্যতে আরও ভালো করতে পারব। কেননা, লেখাপড়ায় বিরতি হলে আবার পূর্ণোদ্যোমে ফিরে আসা কঠিন। বরং পড়তে পড়তেই যদি কোনো ভালো কাজের সুযোগ পাওয়া যায়, তাহলে তা লুফে নেওয়া উচিত। তা না হলে পরবর্তী সময়ে হতাশা কাজ করতে পারে। একটু ভারসাম্য রক্ষা করলে দুটোই সমানতালে করা সম্ভব। ছয়টা পর্যন্ত অফিস করে চলে যাই ক্লাসে। ছুটির দিনগুলোতে অবশ্য পড়াশোনা নিয়ে থাকতে হয়। অফিসের কোনো কাজ ফেলে রাখি না। সময়ের কাজ সময়ে করে ফেলি। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি। তাঁদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। পরীক্ষার আগে ছুটি নেওয়া, কোনো ক্লাসের জন্য ছাড় দেওয়া। সব মিলিয়ে তাঁরা সহযোগী মনোভাবাপূর্ণ হওয়ায় আমার কাজ করা সহজ হয়েছে। শেষ করতে পারছি লেখাপড়াও।নিজের ইচ্ছা আর পরিবারের সমর্থন দরকারকাজী সাজিয়া জেরীনসহকারী অফিস ব্যবস্থাপক, বাংলা ভাষা ইনস্টিটিউট, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছি। আবার কাজও করছি একই প্রতিষ্ঠানে। তাই বাড়তি কোনো ঝামেলা হয় না। সারা দিন অফিস করে সন্ধ্যায় এমবিএর ক্লাসে চলে যাই। অন্য কোনো প্রতিষ্ঠান হলে রাস্তায় সময় যেত যানজটসহ নানা কারণে। সেই সময়টা বেঁচে যায়। সেটি কাজে লাগাতে পারি। হয়তো অফিস শেষে কোনো ক্লাস অ্যাসাইনমেন্ট তখন সেরে ফেলি। তবে এমনও হয়েছে, পরীক্ষা থাকলে লাইব্রেরিতে গিয়ে পড়তে বসি। সহকর্মীদের বলে রাখি, দরকার হলে যেন আমাকে ডাকেন। আসলে এই সুযোগ-সুবিধা না দিলে আমার কাজ ও পড়া একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তখনই এটি সম্ভব, যখন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। অনার্স পরীক্ষার পরে একটা চাকরি খুঁজছিলাম। কিন্তু মায়ের শর্ত ছিল, এমবিএ করতে হবে। আমার মা অনার্স শেষ করেছিলেন। পরে সংসারের ঝামেলায় মাস্টার্স করতে পারেননি। তাই তিনি বলেছিলেন, চাকরি করলেও অবশ্যই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর যেখানে পড়ছি, সেখানেই কাজের সুযোগ পেয়ে গেলাম। ফলে দুটোই গুরুত্বের সঙ্গে সমানভাবে করে যাচ্ছি। দুটো কাজ চালিয়ে যেতে কষ্ট আছে এটি সত্যি। কিন্তু ইচ্ছা, মনোবল ও পরিবারের সমর্থন থাকলে সহজেই করা যায়। ঈদের আগে তো বেশি ভালো লাগে। পরিবারের সবার জন্য কেনাকাটা করি। চাকরি হওয়ার পর প্রথম ঈদে তো নিজের ঘরের জন্য খাট, আলমারি আর ড্রেসিং টেবিল কিনেছিলাম। আর সংসারে যা প্রয়োজন, তাতে সাহায্য করার চেষ্টা করি।পরিবারের জন্য কিছু কেনার আনন্দই আলাদাসাফিনা ইলিয়াসডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভোকেসি পি আর অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট ক্লাস্টার, চিটাগাং হিল ট্রাক্টস ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি, ইউএনডিপি বাংলাদেশপেশাগত জীবনে ভালো করতে হলে অবশ্যই আমাকে মাস্টার্স করতে হবে। উচ্চশিক্ষা আর কাজের অভিজ্ঞতার মাধ্যমেই এগিয়ে যাওয়া সম্ভব। এটি আমি শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময়ই বুঝতে পেরেছিলাম। আমি যেহেতু মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের শিক্ষার্থী, তাই আমার কাজের সঙ্গে পড়াশোনার বেশ মেলবন্ধন হলো। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখন সাংবাদিকতায় মাস্টার্স করছি। কর্মজীবনে প্রবেশের আগে বাড়ি থেকে নানা ধরনের নিষেধাজ্ঞা ছিল। কোথাও খুব একটা বেড়ানো হয়নি। কিন্তু ইউএনডিপির এই প্রকল্পে কাজ করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গায় যাওয়া হয়েছে। মাসে একবার আমার কাজের ক্ষেত্র যেমন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ট্যুরে যেতে হয়—ভালো লাগে। সবাই সহজে যেতে পারবে না—এমন জায়গাগুলোতেও গিয়েছি, ছবি তুলেছি। ফটোগ্রাফির শখ আছে। ট্যুরে গিয়ে সেই ফটোগ্রাফিও করা হচ্ছে। আসলে কাজ আর আমার ভালো লাগার বিষয়গুলো এক হয়েছে। শুরু থেকেই আমার উন্নয়ন গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছাও পূরণ হয়েছে। চাকরি করলে মেয়েদের মধ্যে একধরনের ব্যক্তিত্ব তৈরি হয়। এ ছাড়া পরিবারকেও সাহায্য করতে পারছি। সব সময় মা-বাবার ওষুধ, তাঁদের পছন্দের খাবার, ফল কিনে আনার চেষ্টা করি। আর্থিকভাবে সচ্ছল হলেও নিজের তাগিদে পরিবারের জন্য করে থাকি, বিশেষ করে ঈদের সময়। এবারের ঈদেও মা-বাবা, ভাই-ভাবি—সবার জন্য তাঁদের পছন্দ অনুযায়ী পোশাক কিনেছি। একবার কোরবানির ঈদে ছাগল কিনেছিলাম। সেই আনন্দ অন্য রকম।