পড়ন্ত বেলার দুই উইকেটে প্রথম দিনে সমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন শেষেওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৩/৫দিন শেষে দ্বিতীয় নতুন বলটা নেওয়ার সময় অন্তত একটা উইকেটের আশা তো করেনই অধিনায়ক। দুটি হলে বোনাস। মুশফিকুর রহিম ‘বোনাস’-ই পেলেন।পড়ন্ত বিকেলে চকচকে লাল বলে দুটি উইকেটই ঢাকা টেস্টের প্রথম দিনটিকে শুধুই ওয়েস্ট ইন্ডিজের হতে দিল না। বরং বলা যায়, দিন শেষের স্কোর কার্ড ৯০ ওভারের ব্যাট-বলের লড়াইয়ে সমতাই ঘোষণা করছে। তা নতুন বলে উইকেট দুটি কে নিলেন? শাহাদাত, না রুবেল?দুই পেসারের কেউই নন। উইকেট পড়ল স্পিনে! এর মধ্যে একটি অনেক বড় উইকেট। ১৩৫তম টেস্ট খেলতে নামা শিবনারায়ণ চন্দরপলের। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডধারীকে যিনি কট বিহাইন্ড বানালেন, তাঁর এটি মাত্র দ্বিতীয় টেস্ট। বিশেষজ্ঞ বোলারও নন। দিন শেষে অবশ্য সেই খণ্ডকালীন অফ স্পিনার নাসির হোসেনই বোলারদের মধ্যে সফলতম! ১৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট। চন্দরপলের আগে শিকার ‘লারার ক্লোন’ ড্যারেন ব্রাভো। নাসিরের এই দুটি উইকেটই ‘মৃতপ্রায়’ বাংলাদেশ দলে সঞ্জীবনী সুধা ঢালল। শেষ সেশনের সপ্তম ওভারে স্কোর বোর্ডে ২ উইকেটে ১৮০ রান—ব্রাভোর উইকেটটি পড়ার আগে ফিল্ডারদের কাছে দিনটি বড় দীর্ঘ মনে হচ্ছিল। মনে ছায়া ফেলছিল পরের দিনটি দীর্ঘতর হওয়ার আশঙ্কাও।তবে চন্দরপলের উইকেটটি যতটা নাসিরের, মুশফিকেরও তার চেয়ে কম নয়! অধিনায়ক স্পিনারের হাতে নতুন বল তুলে দেওয়ার ফাটকাটা খেলেছিলেন বলেই না...। মুশফিক ‘বোনাস’ যে উইকেটটি পেলেন, সেটি অবশ্য ওয়েস্ট ইন্ডিজের উপহার! চন্দরপল আউট হওয়ার পর প্রায় আট ওভার বাকি। অথচ ওয়েস্ট ইন্ডিজ কি না নামিয়ে দিল নাইটওয়াচম্যান! স্টিভ ওয়াহ শুনলে নিশ্চিত হাসতে হাসতে বিষম খাবেন। টেস্ট ক্রিকেটে স্টিভ ওয়াহর অনেক বিপ্লবের মধ্যে এই নাইটওয়াচম্যানের ধারণাটা নিয়ে টান দেওয়াও একটি। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্যাপের পেছনে ‘নাম্বার’ (কে অস্ট্রেলিয়ার কততম টেস্ট বা ওয়ানডে খেলোয়াড় জানাতে) বসানোর ধারণাটা তাঁর, টেস্টে প্রতি ওভারে চার রান করে তোলার মানদণ্ডও স্টিভ ওয়াহরই ঠিক করে দেওয়া। অস্ট্রেলিয়া দলে নাইটওয়াচম্যান তুলে দেওয়াও। যুক্তিটা খুব পরিষ্কার—বিশেষজ্ঞ ব্যাটসম্যান যদি পড়ন্ত বেলায় বোলিং সামলাতে না পারেন, টেলএন্ডার কীভাবে তা পারবেন? বাংলাদেশ দলের কোচ স্টুয়ার্ট ল স্টিভ ওয়াহ স্কুলেরই ছাত্র। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে নাইটওয়াচম্যান না নামিয়ে তা জানিয়েও দিয়েছেন। ৭.৫ ওভার বাকি থাকতে কেমার রোচকে নামতে দেখে ল-র তাই খুবই বিস্মিত হওয়ার কথা। ইয়ান বিশপও তা-ই হলেন। ধারাভাষ্য দিতে আসা সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার মাথা নাড়তে নাড়তে বললেন, ‘আমি তো এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না।’রোচও সাকিবের আর্মারের ‘মাথামুন্ডু’ কিছুই বুঝতে না পেরে বোল্ড হলেন। যাঁকে সুরক্ষার জন্য রোচকে নামানো, সেই স্যামুয়েলসকে ঠিকই নামতে হলো। ব্যাটিংয়ে অলস সৌন্দর্য ও অফ স্পিন বোলিং মিলিয়ে স্যামুয়েলসের মধ্যে কার্ল হুপারের ছায়া। দিনের শেষ ওভারের প্রথম ও শেষ বলে চার মেরে ১৬ রানে অপরাজিত সেই স্যামুয়েলসই এখন বাংলাদেশের গলার কাঁটা।খেলা দেখেননি এমন কেউ প্রথম দিনের স্কোর কার্ডটা দেখলে নির্ঘাত ভুল বুঝবেন। ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিন, দ্বিতীয় নতুন বলও স্পিনারদের হাতে, ৯০ ওভারের ৫৮-টিই করেছেন স্পিনাররা—প্রথম দিনেই যখন এই অবস্থা, না জানি কী ভীষণ টার্নিং উইকেট! আসল ঘটনা মোটেই তা নয়। পেসারদের জন্য মুভমেন্ট নেই, স্পিনারদের জন্যও নেই কোনো টার্ন—এই উইকেট বোলারকুল-নির্বিশেষেই বধ্যভূমিসম। এখানে উইকেট পেতে লিলি-ওয়ার্নেরও জান বেরিয়ে যেত।পিচে বোলারদের জন্য কিছু না থাকলেও উইকেট পড়ে। পড়ে ব্যাটসম্যানের ভুলে। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা প্রথম দুই সেশনে মাত্র দুবারই সেই ভুল করলেন। তবে প্রথম ভুলটির আগেই উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি হয়ে গেছে। পিঠের চোটের কারণে লেন্ডল সিমন্স খেলতে না পারায় এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার রীতিমতো ‘আয় রে আমার সবুজ, আয় রে আমার কাঁচা।’ ব্রাফেট, পাওয়েল ও এডওয়ার্ডস তিনজনের মিলিত অভিজ্ঞতা মাত্র পাঁচ টেস্টের। কার্ক এডওয়ার্ডসের টেস্ট অভিষেকেই সেঞ্চুরি আছে। দুই ওপেনারের ফিফটিও ছিল না। কাল দুজনই তা পেলেন। এডওয়ার্ডসও তৃতীয় টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির আশা জাগিয়ে রেখে ৭১ রানে অপরাজিত। চট্টগ্রাম টেস্ট শেষে ড্যারেন স্যামি দলের ব্যাটসম্যানদের একটা জিনিসই চেয়েছিলেন—আরেকটু ধৈর্য। নতুন খেলোয়াড়দের কাছে অধিনায়কের কথা একটু বেশিই মূল্য পায়। ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডারের ব্যাটিংটা তাই অনিদ্রা রোগের মহৌষধ হয়েই দেখা দিল। বোলাররাও মাথা কুটে মরলেন। ১৯তম ওভারের আগে এলবিডব্লুর আবেদন পর্যন্ত হলো না!এই টেস্টের আগে একটা জায়গায় অধিনায়ক মুশফিকুর রহিমের সাফল্য ছিল শতভাগ। বাংলাদেশের অধিনায়ক হিসেবে কালই প্রথম টসে হারলেন। আগের পাঁচ ম্যাচেই হারার পর সফরে প্রথম টসে জিতে একটু চমকেই যাওয়ার কথা ড্যারেন স্যামির। তবে এর চেয়েও বেশি চমকেছেন বাংলাদেশের খেলোয়াড় তালিকা হাতে পেয়ে। চট্টগ্রামে যাঁর বাঁহাতি স্পিনে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেই ইলিয়াস সানির নামই তো নেই! মুশফিককে জিজ্ঞেসও করলেন বিস্মিত স্যামি, ‘কী ব্যাপার, সানি নেই কেন?’চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট, পরে দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ। ঢাকা টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের টিম মিটিংয়ে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে সানির বোলিংয়ের ভিডিও দেখে। সেই সানি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে খেলছেন না জেনে টিম মিটিংয়ে পণ্ডশ্রমের কথা ভেবে আফসোস হয়ে থাকতে পারে স্যামির, তবে তার চেয়ে বেশি পেয়েছেন স্বস্তি। সানির দুর্ভাগ্যে হঠাৎই টেস্ট ক্রিকেটের দরজা খুলে গেল সোহরাওয়ার্দী শুভর সামনে। তবে দুর্ভাগা কি তিনিও নন? টেস্ট অভিষেকের আগের রাতের রোমাঞ্চটা যে তাঁর অনাস্বাদিতই থেকে গেল!চট্টগ্রামে সানির সাফল্যে সাকিবেরও প্রচ্ছন্ন অবদান ছিল। এক প্রান্ত থেকে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা ক্যারিবীয় ব্যাটসম্যানরা সানির ফ্লাইটের টোপ গিলতে গিয়ে গলায় বড়শি বিঁধিয়েছেন। সাকিব এখানেও ব্যাটসম্যানদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখলেন (২৩ ওভারে মাত্র ৩১ রান), কিন্তু সোহরাওয়ার্দীর বলে সানির মতো ফ্লাইটের জাদু থাকলে তো! চা-বিরতির আগেই সাকিব যেখানে ২০ ওভার বোলিং করে ফেললেন, সোহরাওয়ার্দীকে দুই-দুই চার ওভারের বেশি করানোর ভরসাই পেলেন না মুশফিকুর। পঞ্চম ওভার করতে ফিরেই অবশ্য পেয়েছেন প্রথম টেস্ট উইকেট। সানির জন্য হাহাকারটা অবশ্য তার পরও ঠিকই উড়ে বেড়াল বাতাসে!