পড়শির সঙ্গে সুসম্পর্ক চায় জামায়াত
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা পড়শির সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।’আজ সোমবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের সমর্থক পেশাজীবীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কিছু চুক্তির ব্যাপারে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে কোনো চুক্তির বিরোধী নই। এমন চুক্তি করবেন না, যে চুক্তিতে আমাদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করলে দেশের জনগণ তা বাস্তবায়ন করতে দেবে না।’ আজহার বলেন, তিন বিঘা করিডর বাংলাদেশকে ফেরত দিতে হবে। বাংলাদেশকে তিস্তা ও ফেনী নদীর পানি ৫০ ভাগের নিচে দিলে তা মানা হবে না। একই সঙ্গে ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করবে না—মনমোহনের কাছ থেকে এমন প্রতিশ্রুতি নিতে হবে।দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার টেবিলে উপস্থাপন করতে হবে। ট্রানজিটের ব্যাপারে আজহারুল ইসলাম বলেন, ‘আমরা ট্রানজিট চুক্তির বিরোধী নই। কিন্তু ট্রানজিটের নামে ভারত তার নিজ দেশের কয়েকটি রাজ্যের স্বাধীনতাকামীদের দমনের জন্য বাংলাদেশের ওপর দিয়ে অস্ত্র সরবরাহ করবে এর নাম ট্রানজিট নয়, এর নাম করিডর। আর করিডর দিলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে।’দলের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য তাসনীম আলম, এ টি এম মাছুম, পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।