পড়া, কাজ আর স্বপ্ন
আমি এখন জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স সম্পন্ন করছি। বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এ দেশের রাজধানীতে পড়াশোনা করতে পারায় নিজেকে খুব ভাগ্যবান মানি। আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, কূটনীতি এবং নীতিনির্ধারণী গবেষণা—এ বিষয়গুলোর ওপর পড়াশোনার জন্য এই বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর একটি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অব স্টেট মেডেলিন অলব্রাইট, রবার্ট ব্লেক, দক্ষিণ এশীয়-সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট উলফ ব্লিটজার, সিএনএনের সংবাদ উপস্থাপকসহ আরও অনেকে। বছর সাতেক আগে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতির ওপর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছি। তার পর থেকেই আন্তর্জাতিক উন্নয়ন ইস্যুতে একাধিক প্রতিষ্ঠানে কাজ করে আসছি আমি।আমার স্বপ্ন, একদিন বাংলাদেশের অভাব মোচন হবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে ত্বরান্বিত। অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে সমাজকে কিছু দেওয়ার দৃঢ় ইচ্ছা আমার। পড়াশোনার পাশাপাশি ‘ইউএস-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিল’ নামের একটি অলাভজনক সংস্থায় নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছি। সংস্থাটি বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং দেশ দুটির সম্পর্ক নিয়ে কাজ করে। আমাদের সংস্থাটি ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বাংলাদেশের সাংগঠনিক কমিটিকে সংগঠিত হওয়ার ব্যাপারে সহযোগিতা করে থাকে। বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ওপর যে প্রভাব পড়ে, তার ওপর ভিত্তি করে প্রণীত আইন ও যুক্তরাষ্ট্রের একাধিক নীতির ব্যাপারেও বিভিন্ন মতামত দিয়ে থাকি আমরা। ইউএস কংগ্রেসে আমরা যে বাণিজ্যনীতি উত্থাপন করি, তাতে করে বহুসংখ্যক বাংলাদেশি নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আমরা বিশ্বাস করি, অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বা সুযোগ বৃদ্ধিই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হতে পারে। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তহবিল গঠনের জন্যও কংগ্রেসকে উৎসাহিত করছি আমরা।বাংলাদেশের ব্যাপারে নীতিনির্ধারণীতে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক অভিবাসী, বিশেষ করে তরুণদের সমবেত করতেও কাজ করছি আমরা। এখানকার বাংলাদেশিরা নীতিনির্ধারণ-প্রক্রিয়ায় অংশ নিলে বিশাল একটি পরিবর্তন হবে বলে আমাদের বিশ্বাস। এই জায়গাটিতে ভারতীয়রা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। চাকরির বাজার ধরে এবং ভারতে বিনিয়োগ করানোর মাধ্যমেই এই পার্থক্যটা গড়তে পেরেছে তারা। আমাদেরও তেমনটাই করতে হবে।আমাদের সংস্থার মাধ্যমে বাংলাদেশের মেধাবী তরুণ নারীদের উন্নতি সাধনের জন্যও কাজ করার পরিকল্পনা আছে। যাতে করে তাঁরা ভবিষ্যতে সারা বিশ্বে নেতৃস্থানীয় আসনে আসীন হতে পারেন।