পড়ার পাশাপাশি শোনাও যাবে প্রথম আলোর সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন থেকে প্রথম আলো নিজে নিজে পড়তে (শুনতে) পারব—এটা ভেবেই অভিভূত আমি। অনেক দিন ধরেই অন্য একজনের সাহায্যে পড়তে হতো পত্রিকা। এখন কারও সহযোগিতা ছাড়াই নিজে নিজে পত্রিকা পড়ার (শোনার) কাজটা করতে পারব।’ নিজের অনুভূতির কথা এভাবেই জানালেন ন্যাশনাল ফোরাম অব অর্গানাইজেশন ওয়ার্কিং উইথ দ্য ডিজঅ্যাবলের সহকারী সমন্বয়ক (কর্মসূচি) দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম।ঢাকায় প্রথম আলো কার্যালয়ে গতকাল বুধবার প্রথম আলোর শ্রুতি সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে আসা দৃষ্টিপ্রতিবন্ধীরা এবং তাঁদের সহায়তায় কাজ করেন এমন সংগঠনগুলোর সঙ্গে জড়িত সবাই আবেগাপ্লুত হয়ে প্রশংসা করলেন প্রথম আলোর এ উদ্যোগের। গতকাল থেকেই প্রথম আলোর ওয়েবসাইটে চালু হয়েছে এই শ্রুতি সংস্করণ। এখন থেকে প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত সংবাদগুলো শোনা যাবে অডিওর মাধ্যমে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ অন বাংলা ল্যাংগুয়েজ প্রসেসের (সিআরবিএলপি) সহায়তায় এ কার্যক্রম চালু করা হয়। সিআরবিএলপি এই শ্রুতি সংস্করণের বাংলা লেখা থেকে বলার (টেক্সট টু স্পিচ) সফটওয়্যার তৈরি করেছে।অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, বাংলা লেখা পড়ে শোনানোর এ প্রযুক্তি নিয়ে গবেষণা এখনো চলছে। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রথম আলোর এ উদ্যোগকে স্বাগত জানান তিনি। এ ব্যাপারে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলোর মধ্যকার সহযোগিতা আরও দৃঢ় করতে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।শ্রুতি সংস্করণের উদ্দেশ্য ব্যাখ্যা করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা পত্রিকা পড়তে পারেন না। তাঁদের এ কাজটি সহজ করে দিতেই প্রথম আলোর এই শ্রুতি সংস্করণ। শুধু দৃষ্টিপ্রতিবন্ধীরা নন, নিরক্ষর ব্যক্তিরাও এখন পত্রিকায় প্রকাশিত খবর শুনতে পারবেন। ভবিষ্যতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আরও কাজ করার ব্যাপারে প্রথম আলোর আগ্রহের কথা জানান তিনি।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিআরবিএলপির প্রধান মুমিত খান বলেন, ইংরেজি ভাষায় টেক্সট টু স্পিচ নিয়ে ৪৫ বছর ধরে কাজ চলছে। আর বাংলা ভাষায় এ কাজ চলছে মাত্র পাঁচ বছর ধরে। তাই এ প্রযুক্তিকে আরও সাবলীল করতে নিরন্তর গবেষণা চালিয়ে যেতে হবে। তিনি জানান, প্রথম আলোর শ্রুতি সংস্করণে বাংলা টেক্সট টু স্পিচের একেবারে প্রাথমিক সংস্করণ (১.০) রয়েছে। পরবর্তী সংস্করণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি বলেন, এ প্রযুক্তির মান আরও উন্নত করা সম্ভব, তবে এ জন্য সময় লাগবে এবং সবার সহযোগিতায় কাজটি সম্পন্ন হবে।এই সফটওয়্যারের মানোন্নয়নের সঙ্গে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বাংলা টেক্সট টু স্পিচের এই প্রযুক্তির প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত (ওপেনসোর্স) রাখা হয়েছে। ফলে কোনো প্রোগ্রামার চাইলে এই সফটওয়্যারের উন্নয়ন করতে পারবেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ভিজুয়ালি ইমপেয়ারড পিপলস সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মজুমদার, ন্যাশনাল ফোরাম অব অর্গানাইজেশন ওয়ার্কিং উইথ দ্য ডিজঅ্যাবলের মহাসচিব জওয়াহেরুল ইসলাম, ডিজঅ্যাবল চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান, দৃষ্টিপ্রতিবন্ধী রাসেল হাসান, সিআরবিএলপির সদস্য ফিরোজ আলম, মুর্তজা হাবিবসহ অনেকে।এই কার্যক্রমের সঙ্গে জড়িত স্ট্রেংদেনিং গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড এডুকেশন প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম খান বলেন, ‘এত দিন যে কাজটি অন্যজনের সহায়তায় করতে হতো, তা আমরা নিজেরাই এখন পারব, যা সত্যিই অনেক আনন্দের।’ তিনি প্রথম আলোর এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।ইন্টারনেটে চালু করে শ্রুতি সংস্করণের বিস্তারিত দেখান প্রথম আলোর তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান শাহ মোহাম্মদ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক সেলিম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক সাজ্জাদ শরিফ, ফিচার সম্পাদক সুমনা শারমীন, প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগোসহ অনেকে।শ্রুতি সংস্করণটি পাওয়া যাবে প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com)। সাইটের প্রচ্ছদে (হোমপেজ) বাঁ পাশে নিচের দিকে প্রথম আলো শ্রুতি লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পৃষ্ঠা ও বিভাগের নাম অনুযায়ী প্রথম আলোয় প্রকাশিত সংবাদগুলোর এমপিথ্রি ফাইল পাওয়া যাবে। ফাইলে ক্লিক করলেই সংবাদ শোনা যাবে। সরাসরি www.prothom-alo.com/sruti ঠিকানাতেও এ সংস্করণ পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ই-মেইল ঠিকানায় প্রথম আলো শ্রুতি সংস্করণের লিংকগুলো নিউজ লেটার হিসেবে চলে যাবে প্রতিদিন ভোরে। এই লিংক থেকে এমপিথ্রি ফাইলগুলো ডাউনলোড করা যাবে। গতকালের অনুষ্ঠানে জানানো হয়, ই-মেইল ঠিকানায় প্রথম আলো সংবাদের এমপিথ্রি পেতে আগ্রহী ব্যক্তিরা তাঁদের ই-মেইল ঠিকানা প্রথম আলোর নিউ মিডিয়া বিভাগে পৌঁছে দিতে পারেন টেলিফোনে বা অন্য কারও মাধ্যমে।