পড়ালেখায় পুরান ঢাকার স্কুলগুলোর বেহাল অবস্থা
পুরান ঢাকার পোগোজ স্কুল থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) ১০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, পাস করে ৮৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। গত বছর ৯৩ জনের মধ্যে পাস করেছিল ৮২ জন। তখন কেউই জিপিএ-৫ পায়নি। ওই স্কুলে গতবার পাসের হার ছিল ৮৮ দশমিক ১৭ শতাংশ, এবার তা কমে হয়েছে ৮৬ শতাংশ।পুরান ঢাকার ইসলামিয়া সরকারি মুসলিম হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৮০ জনের মধ্যে পাস করেছে ৬১ জন শিক্ষার্থী। গত বছর ৭০ জনের মধ্যে পাস করেছিল ৪৪ জন। দুই বছরে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কিছুটা বেড়েছে, কিন্তু মান আরও কমেছে। জিপিএ-৫ দূরে থাক, জিপিএ-৪ বা তার বেশি পেয়েছে মাত্র চারজন। বাকি সবারই ফল জিপিএ-২ ও জিপিএ-৩ এর নিচে।এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পুরান ঢাকার প্রায় সব ঐতিহ্যবাহী বিদ্যালয়ে লেখাপড়ায় করুণ দশা চলছে। দেশজুড়ে যেখানে জিপিএ-৫ পাওয়ার ছড়াছড়ি, গ্রাম-শহর মিলিয়ে পাসের গড় হার যেখানে ৮৬ শতাংশ, সেখানে পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলক পিছিয়ে পড়ছে। একসময় পোগোজ স্কুল, ইসলামিয়া সরকারি মুসলিম হাইস্কুল, মুসলিম গভর্মেন্ট হাইস্কুল, কলেজিয়েট স্কুল, কে এম জুবলি স্কুল, বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয় স্কুল, সেন্ট গ্রেগরি হাইস্কুলের সুনাম ছিল। এসব প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করা শিক্ষার্থীদের অনেকেই এখন রাজনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু ওইসব প্রতিষ্ঠানের নামডাক, অভিভাবকদের অভিযোগ, অভিজ্ঞ শিক্ষকের অভাব, শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদান না করা ও সঠিকভাবে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করতে না পারা, শিক্ষাপ্রতিষ্ঠান-ব্যবস্থাপনায় দুর্বলতাসহ আনুষঙ্গিক বিভিন্ন কারণে পুরান ঢাকার স্কুল-কলেজের মান নেমে যাচ্ছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রয়েছে অবকাঠামোর অভাব, যাতায়াত-সমস্যাসহ বহুবিধ সংকট। কয়েকজন শিক্ষকের দাবি, সপ্তম ও অষ্টম শ্রেণীর পর শিক্ষার্থীদের অনেকেই নতুন ঢাকার বিভিন্ন স্কুলে চলে যায়। তাই অপেক্ষাকৃত কম মেধাবীদের শিক্ষা দিতে হয়। তাঁদের মতে, পুরান ঢাকার একশ্রেণীর অভিভাবক বিত্তবান, তাঁরা সন্তানদের নতুন ঢাকার নামকরা বিদ্যালয়ে নিয়ে যান। আরেক শ্রেণীর অভিভাবক কম সচেতন, তাঁরা সন্তানের লেখাপড়ার প্রতি খুব আগ্রহী নন। হিসাব জানলে নিজের ব্যবসার হাল সন্তানের কাঁধে তুলে দিতে পারলে কেউ কেউ খুশি। ফল খারাপ হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে পোগোজ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলম প্রথম আলোকে বলেন, ওই এলাকার বিদ্যমান পরিবেশে এই ফলাফলেই তিনি সন্তুষ্ট। তিনি বলেন, শহরের সবচেয়ে কম মেধাবী শিক্ষার্থীরা তাঁর স্কুলে ভর্তি হয়। তা ছাড়া ওই স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণীতে যে শিক্ষার্থী ভালো ফল করে তারা রাজধানীর নামকরা বিদ্যালয়ে চলে যায়।মো. মহিউদ্দিন নামের এক অভিভাবক অভিযোগ করেন, পুরান ঢাকার স্কুলগুলোর শিক্ষাব্যবস্থা আগের মতো নেই। মূলত শিক্ষকদের কারণেই পরীক্ষার ফল খারাপ হচ্ছে। এ কারণে তিনি মেয়েকে অষ্টম শ্রেণীর পর উত্তরায় একটি স্কুলে নবম শ্রেণীতে ভর্তি করিয়েছেন। এক ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠান: জমিসংকটের কারণে সরকারি কবি নজরুল কলেজের একটি ভবনে ইসলামিয়া সরকারি মুসলিম হাইস্কুলের পাঠদান চলে। যদিও বাহাদুরশাহ পার্কের বিপরীত পাশে বিদ্যালয়টির মূল ক্যাম্পাস। সেখানেই অধিকাংশ শ্রেণীর পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, ইসলামিয়া সরকারি মুসলিম হাইস্কুলের প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থীর জন্য সরকারি কবি নজরুল কলেজের পূর্ব-উত্তর পাশের একটি ভবনে আটটি কক্ষ বরাদ্দ আছে। ওই কক্ষগুলোতে দুই শিফটে তৃতীয় হতে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হয়। ফলে শ্রেণীসংকটের কারণে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।ইসলামিয়া সরকারি মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকা বানু বলেন, স্কুলটির নিজস্ব সত্তা বলে কিছুই নেই। কবি নজরুল কলেজঘিরে আছে চারদিকে। নেই বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ। আর এখানে যে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে, তা অনেকেই জানে না। আলো-বাতাসহীন শ্রেণীকক্ষ: পুরান ঢাকার একাধিক বিদ্যালয় বিদ্যুৎ না থাকলে পাঠদান দেওয়া সম্ভব হয় নয়। বিদ্যুৎ চলে গেলেই শ্রেণীকক্ষে নেমে আসে অন্ধকার। ফলে ঘণ্টায় ঘণ্টায় ব্যাহত হয় পাঠদান। এমন অভিযোগ করেন বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজিয়েট স্কুলের একাধিক শিক্ষক-শিক্ষার্থী।বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী আইনুন নাহার বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনের অনেক কক্ষই ঝুঁকিপূর্ণ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্লাস করতে হয়। ক্লাস চলাকালে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ থাকলেও পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার অভাবে কষ্ট পেতে হয়।প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে যেতেই ওই শিক্ষার্থীর কথা পুরোপুরি মিলে যায়। কারণ, প্রধান শিক্ষক আজহার উদ্দিন বিদ্যুৎ না থাকায় দাঁড়িয়ে ছিলেন তাঁর দপ্তরের বারান্দায়। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘পুরান ঢাকার স্কুল বলে কথা। বিদ্যুৎ না থাকলে অফিসের বাইরেই বসে থাকতে হয়।’সার্বিক বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে ‘শুধু পুরান ঢাকা নয়, সরকার সারা দেশের বিদ্যালয়গুলোর পড়ালেখার মান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তবে যেসব বিদ্যালয় দুর্বল সেগুলোকে প্রকল্পের আওতায় এনে কীভাবে আরও ভালো করা যায়, সে জন্য বিশেষ উদ্যোগের কথা চিন্তা করা হচ্ছে।’