লেখাপড়ার মান বেড়েছে, নাকি পাসের হার বাড়িয়ে দেওয়া হচ্ছে? গত কয়েক বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ক্রমাগত ভালো হওয়ায় এমন প্রশ্ন সৃষ্টি হয়েছে। তবে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, লেখাপড়ার মান কিছুটা হলেও বেড়েছে। এর প্রভাবে পাসের হার ক্রমাগত বাড়ছে।গতকাল বৃহস্পতিবার সারা দেশে একযোগে সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড়ে ৭১ দশমিক ৮২ শতাংশ এবং ১০ বোর্ড মিলে ৭৪ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।কয়েক বছর ধরেই পাসের হার ক্রমাগত বেড়ে এ অবস্থায় এসেছে। এবার পরীক্ষার্থীও ছিল লক্ষাধিক বেশি। একজনও পাস করতে পারে না, এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমতে কমতে এবার ২৫টি হয়েছে। আবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় এবার কিছুটা কম। তবে কয়েক বছর ধরে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে।ফল বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ বছরে নকলের অভিযোগে বহিষ্কারের সংখ্যা বেশ কমেছে। ২০০১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছিলেন ৩৩ হাজার ৫৪২ জন। এর পর থেকে পর্যায়ক্রমে বহিষ্কারের সংখ্যা কমতে থাকে। এই পরীক্ষায় মোট বহিষ্কারের সংখ্যা ছিল মাত্র ৬০৮। ২০০১ সালে জোট সরকার নকলবিরোধী অভিযান শুরু করলে পরবর্তী বছরে বহিষ্কৃতের সংখ্যা প্রায় ১০ হাজার কমে যায়। ২০০৩ সালে ওই সংখ্যা আরও ২০ হাজার কমে দাঁড়ায় চার হাজার ৭৭৯। এরপর পর্যায়ক্রমে প্রতিবছর কমতে কমতে এখন ওই সংখ্যা তিন অঙ্কে নেমে এসেছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষামন্ত্রী হিসেবে নই, একজন সাধারণ নাগরিক হিসেবে যদি মূল্যায়ন করি তাহলে বলব, শিক্ষার প্রতি সমাজ ও পরিবারে প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছে। এখন নকল করার সুযোগ নেই। বই পড়তে হবে। আবার বই পড়লেই হবে না, জিপিএ-৫ পেতে হবে। নইলে ভর্তি, চাকরিসহ প্রতিযোগিতার সব পথ বন্ধ হয়ে যাবে।’ মন্ত্রী আরও বলেন, এখনকার অভিভাবকেরা অনেক বেশি সচেতন, শিক্ষকেরাও যোগ্য ও দক্ষ হয়ে উঠছেন। ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।লেখাপড়া ছাড়াই কি পরীক্ষার ফল এত ভালো হচ্ছে? এ প্রশ্নের জবাবে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ শতাংশ পরীক্ষার্থী ফেল করে। আমরা চাই খুব ভালো ফল না করলেও কেউ-ই যেন ফেল না করে। লেখাপড়ার মান খুব একটা ভালো হয়েছে, সেটা বলব না। কিন্তু ছাত্র-শিক্ষকের শ্রেণীকক্ষমুখিতা বেড়েছে। সবচেয়ে বড় ও আনন্দের বিষয় হচ্ছে, পরীক্ষা নকলমুক্ত করার জন্য আমরা যে কাজ শুরু করেছিলাম তা অব্যাহত আছে।’এক প্রশ্নের জবাবে ওসমান ফারুক বলেন, সারা দেশের সব পরীক্ষক জোটবেঁধে ফল পাল্টাতে বা নম্বর বেশি দিতে পারেন না। তার পরও পাসের হার কেন বেড়েছে, আর কতটা বাড়া উচিত এবং কী করণীয়, সে সম্পর্কে গভীর পর্যালোচনা ও বিশ্লেষণ প্রয়োজন।বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে পাসের গড় হার ৭২ দশমিক ১০ শতাংশ। কিন্তু ঢাকা শহরে এই হার ৮৫ শতাংশ। ঢাকা থেকে শেরপুরে গেলে পাসের হার ৫৬ শতাংশ। পার্শ্ববর্তী জামালপুরে ৫৯ শতাংশ।অন্যদিকে ঢাকা বোর্ডে ইংরেজি দুই বিষয়ে পাসের হার ৭৭ দশমিক ৯৭ শতাংশ। তবে তিন বিভাগের মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ইংরেজিতে বেশি ফেল করেছেন এবং এই বিভাগে ইংরেজিতে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। মানবিকে ইংরেজি বিষয়ে পাসের হার কম হওয়া ছাড়াও বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞানে পাসের হার এবার কম, ৭৪ শতাংশ।এসব তথ্যের আলোকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, কিছু ব্যতিক্রম ছাড়া এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার সামগ্রিক ফল মোটামুটি একই রকম এবং সন্তোষজনক। পাসের হার সামান্য বেড়েছে। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা প্রায় নয় হাজার বাড়লেও এঁদের বেশির ভাগই শহর অঞ্চল বা বিত্তবান পরিবারের সন্তান।ঢাকার বাইরেও ফল নিয়ে এক ধরনের সন্তুষ্টি রয়েছে। সিলেট বোর্ডে পাসের হার দুই থেকে আড়াই শতাংশ বেড়েছে। বোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক বলেন, হাওর-বাঁওড় অধ্যুষিত সিলেট অঞ্চলে শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। লেখাপড়া ছাড়া বা অল্পশিক্ষিত হয়ে সিলেট অঞ্চলের মানুষের বিদেশে যাওয়ার প্রবণতাও কিছুটা কমেছে। ঝরে পড়ার হার কমে আসছে। তিনি আরও বলেন, সেখানকার স্থানীয় ও শিক্ষা প্রশাসন, শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের যোগসূত্র তৈরি হওয়ায় এর প্রভাব পড়ছে লেখাপড়া বা পরীক্ষার ফলাফলের ওপর।