পড়াশোনা শেষে জীবনের কিছু অভিজ্ঞতা
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ। মনে স্বপ্ন একটা উপযুক্ত কর্মক্ষেত্র। অতঃপর বিয়ে। এই স্বপ্ন নিয়ে একজন মেয়ের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়া। নতুন কোনো হোস্টেল, নয়তো কয়েকজন মিলে কারও বাসায় সাবলেটে থাকা। দৃঢ়চিত্তে জীবনের মোড় ঘোরানোর আগেই অতর্কিত মানসিক আক্রমণ। বাবা-মা কিংবা পরিবারের লোকজনের বিয়ের জন্য উঠেপড়ে লাগা। স্নাতকোত্তর পড়া শেষ। মেয়ের বয়স বেড়ে যাচ্ছে। এখনই সময় বিয়ের। শুধু একটি কর্মক্ষেত্রে যোগদান করার জন্য যদি মেয়ে বিয়ে করতে না চান তাহলে ঠিক আছে। কিন্তু পছন্দের পাত্রকে বিয়ে করার জন্য বিয়ে পেছাবে? তা হবে না। মেয়েটির মনে হয়, অবুঝ অভিভাবক মেয়ের মন বোঝেন না। দিন যায় টানাপোড়েনে। সেই টানাপোড়েনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং সেই সময়টা পার করে এসেছেন এমন কয়েকজনের অনুভূতির কথাই জানব আজ। ‘আসলে একটা স্বপ্ন নিয়ে ঢাবিতে পড়তে এসেছিলাম। ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা শেষ করলাম। অথচ কপাল মন্দ থাকলে যা হয় আর কি। ছয় মাস হয়ে গেল। এখনো একটা জুতসই চাকরি পেলাম না। বেকার থাকার কী যে কষ্ট, মর্মবেদনা—এটা বেকারমাত্রই বুঝতে পারবে’ বলছিলেন মাহমুদা নাসরীন। একটি বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান থেকে পাস করে চাকরির পরীক্ষার জন্য এখন তিনি নিয়মিত পড়াশোনাই করে যাচ্ছেন। উপস্থিত হচ্ছেন বিভিন্ন চাকরির বাছাই পরীক্ষায়।উত্তর নীলক্ষেত আবাসিক এলাকায় সাবলেট থাকা মাহমুদার সঙ্গে যখন কথা হচ্ছিল, বেকার থাকার কষ্টের সঙ্গে তাঁর সহপাঠী রুমমেট ইফফাত আরা যোগ করলেন ‘পড়াশোনা চলাকালীন বাড়ি থেকে টাকা নিতে তেমন সংকোচ লাগত না। কিন্তু এখন টাকা চাইতে রাজ্যের সংকোচ। শুধু টিউশনির টাকা দিয়ে তো আর হয় না। বাসা ভাড়া, খাওয়া, যাতায়াত, বিভিন্ন চাকরিতে আবেদন করার নানা খরচ—সবকিছু মিলিয়ে জীবনটা অনেক জটিল হয়ে দাঁড়ায়।’ স্নাতক, স্নাতকোত্তর শেষ করে আবাসিক হলের নিরাপদ সুন্দর পরিবেশ ছেড়ে নীলক্ষেত, আজিমপুর, পলাশী ও শিববাড়ীতে ছোট্ট পরিসরে সাবলেট থেকে হাঁপিয়ে ওঠা মনে বাড়তি চাপ, বিয়ের চাপ। মনের মতো চাকরি খোঁজাখুঁজি তো আছেই। বিয়ের জন্য কারও কারও আছে পছন্দের মানুষ। একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় তাদেরও। সহপাঠীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ানো আফসানা নাজিম। পড়াশোনা শেষ। পছন্দের মানুষটি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। এর মধ্যে একবার বাড়ি গিয়ে আটকে যান আফসানা। মা এবং পরিবারের লোকজন ঢাকায় আসা নিষেধ করেছেন। বিয়ের জন্য পাত্র খুঁজছেন অন্যত্র। ‘কী ভয়ংকর সে সময়! ২৩ দিন আমি তেমন কিছু খেতে পারিনি। যে পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করা হয়, তার সঙ্গে গোপনে যোগাযোগ করে বিয়ে বন্ধ করি। মিথ্যে বলে কোনো রকমে ঢাকায় এসে নিজেরাই বিয়ে করে ফেলি। মা-বাবা যোগাযোগ করেন না। ছোট ভাইবোনের সঙ্গে যোগাযোগ আছে। আমার বর একটা চাকরি করছেন, আমি দুটি টিউশনি করছি। আশা করছি, দুঃখের দিন আমাদের বেশি দিন থাকবে না।’ভালোবেসে কেউ যেমন ঘর ছাড়েন, ভালোবাসায় প্রতারিত হয়ে কেউ আবার অন্যত্র ঘর বাঁধেন। জীবনের এই কঠিন মুহূর্তে দেখা যায়, পাঁচ-ছয় বছর ধরে যাঁর সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে, হঠাত্ করে বিয়ে করে দায়িত্ব নিতে সে পিছিয়ে যায়। সম্পর্কের টানাপোড়েনে মেয়েটি তখন বাবা-মায়ের পছন্দ করা পাত্রটিকেই বিয়ে করতে বাধ্য। লুকানো কষ্ট, গভীর যাতনায় শুরু হয় নতুন মানুষের সঙ্গে নতুন জীবন।দেশের শীর্ষস্থানীয় একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন ইয়াসমীন আরা। তিনি বলেন দুই বছর আগের তাঁর এই সময়টির কথাই। ‘স্নাতকোত্তর পরীক্ষার পর আমি যখন একটা নিরাপদ আবাস খুঁজছি, যেখান থেকে আমি চাকরি খুঁজব, সে সময়টায় মায়ের অসুখ বলে আমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আড়াই মাস আমাকে বাড়িতে আটকে রাখা হয়। উদ্দেশ্য, আমার পছন্দের মানুষটির সঙ্গে যেন আমি যোগাযোগ রাখতে না পারি। আয়োজন চলে অন্যত্র বিয়ের। এর মধ্যে আমার মা এবং ভাই আমার গায়ে হাত তুলতেও পিছপা হতো না। মানসিক অত্যাচারে একসময় আমি অসুস্থ হয়ে যাই। চার মাসের মাথায় আমার মাস্টার্সের রেজাল্ট হয়। আমি প্রথম শ্রেণীতে পঞ্চম হই। পারিবারিক অত্যাচার কমে। রেজাল্টের কারণে ভাই ঢাকায় নিয়ে আসে। আমি কথা দিই, আমার ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগ রাখব না এবং দুই বছরের মধ্যে বিয়ে করব না। এরপর আমি প্রভাষক হিসেবে যোগদান করি। মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় পারিবারিক চাপ অনেক কমে যায়। এসব ঘটনার দেড় বছর পর ছয় মাস আগে আমি বিয়ে করি আমার ভালোবাসার মানুষটিকেই। দুই পরিবার খুশি মনে পরবর্তী সময়ে এই বিয়ে মেনে নেয়। আজ আমি ভাবি, ‘কী ভয়ংকর দিন আমি পার করে এসেছি! আমি এতটা হতাশ হয়েছিলাম, মনে হচ্ছিল আমার জীবন আর এগোবে না। ভাগ্যের সুপ্রসন্নতায় আমি কাটিয়ে উঠতে পেরেছি। তবে আমি বলব, মেয়েরা যদি নিজের ক্যারিয়ারের শেকড়টাকে শক্ত করে, তবে পারিপার্শ্বিক পরিবেশ তাঁর আয়ত্তে আসবে। দরকার শুধু সময় নেওয়া। পড়াশোনা শেষে হল ছেড়ে হতাশ না হয়ে ক্যারিয়ার গোছানোর দিকেই সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত, তাহলে আর সমস্যা থাকবে না।