পড়াশোনার চাপে শিক্ষার্থীদের করুণ পরিণতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সম্প্রতি ভারতজুড়ে হইচই ফেলে দিয়েছে। প্রণয় সিং নামে পিপলস এডুকেশন সোসাইটি ইনস্টিটিউট অব টেকনোলজির (পিইএসআইটি) ওই ছাত্রের আত্মহত্যার ঘটনায় বিভিন্ন শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা অভিযোগ করছে, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার অতিরিক্ত চাপ প্রণয়কে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। এদিকে ভিসভেসভারায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ভিটিইউ) শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক পাঠ্যক্রম তাঁদের ওপর কঠিন চাপ ফেলছে। অন্যদিকে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে, তাদের অন্তর্ভুক্ত সব কটি কলেজের সম্মতিক্রমেই একাডেমিক পাঠ্যক্রম গৃহীত হয়েছে। এভাবে পারস্পরিক দোষারোপের খেলা চলছে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে।আর ভি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কে এন রাজা রাও বলেন, ‘ভিটিইউর অধীন ১৬টি ইঞ্জিনিয়ারিং কলেজ বলছে, কেবল পাঠ্যক্রমের কারণে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে তা ঠিক নয়। কারণ সব শিক্ষার্থী একইভাবে চাপ নেয় না।’ অধ্যাপক রাও বলেন, আইআইটিতে ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুদের সাধারণ একটি পরীক্ষা আইআইটিজেইইতে উত্তীর্ণ হতে হয়। ফলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাপ নিতে পারেন। অন্যদিকে, ভিন্ন ভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং আসনগুলোতে ভর্তি হলে চাপ নিতে পারেন না। রাও বলেন, ভিটিইউতে শিক্ষার্থীদের অতিরিক্ত ২০০ ক্রেডিট নিতে হয়, যেখানে আইআইটির শিক্ষার্থীরা ১৬০ ক্রেডিট নিয়ে থাকেন। দয়ানন্দ সাগর ইনস্টিটিউটের জ্যেষ্ঠ কর্মকর্তা আর জনার্দন বলেন, ‘কলেজের পাঠ্যক্রম সুসংগঠিত, এতে কোনো সমস্যা নেই। বরং শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। তারা দ্রুত ডিগ্রি শেষ করে উপার্জনের চিন্তায় থাকে। এ জন্য কঠোর পরিশ্রম করে এবং চাপ নেয়।’ ‘ভালো বন্ধুদের সাহচর্য ও সামাজিক মেলামেশার সুযোগ না থাকা, তার ওপর সন্তানকে নিয়ে বাবা-মায়ের উচ্চ প্রত্যাশার চাপ সইতে পারে না অনেক শিক্ষার্থী। ফলে তারা আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে। প্রণয়ের বেলায়ও এটাই ঘটেছে।’ বলেছেন সুধা ভগলে নামে একজন মনোবিজ্ঞানী। সুধা ভগলে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের জন্য আমাদের শিক্ষাব্যবস্থা দায়ী। তাদের বোঝাতে হবে যে পরীক্ষার ফলাফলই যোগ্যতার মাপকাঠি নয়। তারা কোন বিষয়ে পড়বে, সে জন্য ক্যারিয়ার কাউন্সিলিং খুব প্রয়োজন। তাদের জন্য চমত্কার বন্ধুসুলভ ক্যাম্পাস গড়ে তুলতে হবে। কোনো সমস্যা দেখা দিলে শিক্ষকদের তা সমাধানে এগিয়ে আসতে হবে।’