পড়াশোনার জন্য ওবামার চাকরি ছাড়ছেন রেগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছেন রেগি লাভ। এবার তিনি তাঁর এমবিএ পড়াশোনায় মনোযোগ দিতে চান। এ জন্য ছেড়ে দিচ্ছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামার ব্যক্তিগত সহকারীর চাকরি।৩০ বছর বয়সী রেগি লাভ এরই মধ্যে হোয়ার্টন বিজনেস স্কুলে খণ্ডকালীন এমবিএ কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছেন।হোয়াইট হাউসে চাকরির আগে ডিউক বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলে বেশ সফলতার সঙ্গে খেলেছেন রেগি। ইএসপিএনের সঙ্গে কথা বলার সময়, রেগি লাভ প্রেসিডেন্ট ওবামাকে তাঁর ‘বড় ভাইয়ের’ মতো বলে মন্তব্য করেছেন।২০০৬ সালে ইলিনয়ের সিনেটর থাকার সময় ওবামার কার্যালয়ে যোগ দেন রেগি লাভ। এর পর থেকে ওবামার সঙ্গে একত্রে কাজ করছেন তিনি। এবিসি নিউজের আনুমানিক হিসাবে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার অভিযান চালানোর সময় থেকে ওবামা ও রেগি লাভ একসঙ্গে আট লাখ ৮০ হাজার ৭৮০ মাইল ভ্রমণ করেছেন।ব্যক্তিগত সহকারী হলেও রেগি লাভ প্রেসিডেন্ট ওবামার ‘বডি ম্যান’ হিসেবে পরিচিত। ওবামার ব্যক্তিগত কাজ করা থেকে শুরু করে তাঁর সঙ্গে বাস্কেটবল খেলা, পাহারা দেওয়াসহ বিভিন্ন ধরনের কাজ করেছেন রেগি।এ বছরের শেষের দিকে রেগি লাভের হোয়াইট হাউস ছাড়ার কথা। চাকরি ছাড়ার ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার মতামত জেনে নিয়েছেন তিনি। রেগি বলেন, ‘আমি প্রেসিডেন্টকে বলেছি, আপনার উপদেশ ও মতামত চাই। আমার মনে হচ্ছে, স্কুলকে গুরুত্ব দিয়ে সেখানে আমার আরও বেশি সময় দেওয়া প্রয়োজন হতে পারে।’ রেগির এই প্রস্তাবকে সমর্থন দেন ওবামা।রেগি লাভ সম্পর্কে প্রেসিডেন্ট ওবামা এক বিবৃতিতে বলেন, ‘তিনি এত কম ঘুমিয়ে ম্যাজিকের মতো এত দায়িত্ব পালন করতেন, তা অনুপ্রেরণাজনক। তিনি যা-ই করতেন, দক্ষতার সঙ্গে করতেন।’ বিবিসি অনলাইন।