পড়ে আছে দুই কোটি টাকার সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের সাতজান গ্রামে নাউতরা নদীর ওপর সেতুটির সংযোগ সড়ক (অ্যাপ্রোজ রোড) নেই। ফলে প্রায় ২০০ মিটার দীর্ঘ সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। বাধ্য হয়ে সেতুর এক প্রান্তে বাসের সাঁকো লাগিয়ে কোনোমতে চলাচল করতে হচ্ছে তাদের।এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘ পাঁচ বছরেও সেতুর কাজ শেষ হচ্ছে না। এদিকে সেতুর কাজ শেষ না হতেই সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য সেখানে কাজে লাগানো হয়েছে সরকারের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের।সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম প্রান্তে কিছু বালি মিশ্রিত মাটি দিয়ে সংযোগ সড়ক করার চেষ্টা করা হলেও আগে স্থানীয় লোকজন বাঁশের সাঁকো করে রাস্তার সঙ্গে সেতুর যোগসূত্র ঘটিয়েছে। এ অবস্থায় কোনো প্রান্ত দিয়েই যানবাহন সেতুর ওপর উঠতে পারে না। শুধু পায়ে হেঁটে কোনোমতে চলাচল চলে।নাউতরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পাঁচ বছর আগে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও আজ পর্যন্ত পুরোপুরি এর কাজ শেষ হয়নি। এতে এলাকাবাসীর দুর্ভোগ উল্টো বেড়েছে।সাতজান গ্রামের জালাল উদ্দিন (৫০) বলেন, ডোমার-ডিমলা থেকে এ পথে সেতুটি পার হয়ে জলঢাকা ও ডালিয়া হয়ে বুড়িমারী পর্যন্ত যাওয়া যায়। আগে এ অঞ্চলের মানুষ নৌকায় নদী পারাপার হতো। এখন নদীটি বেড়ে গিয়ে দুই দিকে চর পড়ায় নৌকায় পারাপারে সমস্যা হয়। সেতুটি না হওয়ায় নদীর ওপারের শিশুরা এপারের প্রাথমিক বিদ্যালয়ে আসতে পারে না। আবার এ পারের শিক্ষার্থীদের অনেক পথ ঘুরে উচ্চ ও মহাবিদ্যালয়ে যাতায়াত করতে হয়।ডাউয়াড়ী ইউনিয়নের গোলমুণ্ডা গ্রামের মাজেদুল ইসলাম (৪০) বলেন, এ অঞ্চলের ছেলেমেয়েদের স্কুল-কলেজ-মাদ্রাসায় যাওয়ার একটাই রাস্তা। সেতুটা হলে খুব উপকার হয়। তা ছাড়া অন্য লোকজন তো এ পথে রাত ১২টা-একটা পর্যন্ত চলাচল করে। তাদের ভোগান্তি তো আছেই।এদিকে ১ নভেম্বর থেকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে কাজে যোগ দিতে এসেছেন চাপানী গ্রামের সিরাজুল ইসলাম (৫৫)। তিনিসহ বেশ কিছু নারী-পুরুষ নদী থেকে বালু তুলে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ফেলছিলেন। সিরাজুল ইসলাম বলেন, ‘চৌকিদার সাহেব আমাদের এখানে কাজ করতে বলেছেন। তাই করছি।’ইউনিয়নের চৌকিদার তৈবার রহমান বলেন, এ ইউনিয়নের চারটি ওয়ার্ডের শ্রমিকদের এখানে মাটি ভরাটের কাজে লাগানো হয়েছে। এ সময় সেখানে উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন, ঠিকাদারের সঙ্গে যোগসাজশে চেয়ারম্যান কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে সেতুর কাজ করিয়ে নিচ্ছেন। এতে ঠিকাদারকে লাভবান করে দেওয়া হচ্ছে।ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিবর রহমান বলেন, রাস্তাটা ঠিকাদারের বাজেটের মধ্যে ধরা থাকলে অন্য প্রকল্পের শ্রমিকদের সেখানে কাজে লাগানো যাবে না।ঠিকাদারী প্রতিষ্ঠান আরিফুল ইসলাম বলেন, ‘ব্রিজের সংযোগ সড়কের মাটি ভরাটের সময় এলাকাবাসী তাদের জমির ক্ষতিপূরণ দাবি করে কাজে বাধা দেয়। এ সমস্যায় আমি সেখানে বাকি কাজ করতে পারিনি। এ ছাড়া যখন টেন্ডার দিই, তখন রডের যে দাম ধরা ছিল, পরে তা অনেক বেড়ে গেছে। পরের দামে রড কিনে কাজ করতে আমার অনেক লোকশান হয়েছে। আমি এক কোটি ৮৭ লাখ টাকা তুলেছি। এখন সেখানে ১৫-২০ লাখ টাকার কাজ বাকি আছে। ওই কাজ শেষ করতে অপারগতা প্রকাশ করে আমি তিন মাস আগে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকে চিঠি দিয়েছি।’এলজিইডির ডিমলা উপজেলা প্রকৌশলী শামাপদ ঘোষ বলেন, ‘দুই কোটি ৩১ লাখ ৯৯৯ টাকা ব্যয়ে নাউতরা নদীর ওপর ২০০ দশমিক ২২৫ মিটার দীর্ঘ ও ৬ দশমিক ৩৩ মিটার প্রশস্ত সেতু নির্মাণের জন্য ঠিকাদার আরিফুল ইসলামকে ২০০৬ সালের ১ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। তিন দফায় কার্যাদেশের সময়সীমা বাড়ানোর পর গত বছরের নভেম্বরে তাঁর কার্যাদেশের সময় শেষ হয়। কাজের বর্তমান অবস্থা সম্পর্কে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্মসৃজন কর্মসূচির লোক দিয়ে সেখানে কাজ করানোর ব্যাপারে আমি কিছু জানি না।’