পয়লা বৈশাখ উপলক্ষে হিলারির শুভেচ্ছা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত্ কামনা করেছেন। পয়লা বৈশাখ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। হিলারি তাঁর বাণীতে বলেন, ‘পয়লা বৈশাখ উদ্যাপন এবং প্রতিশ্রুতি ও সম্ভাবনাময় একটি নববর্ষকে স্বাগত জানানোর এই লগ্নে প্রেসিডেন্ট ওবামা এবং আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি সব বাঙালিকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি মনে করেন, এ দিনটি ধর্ম ও সম্প্রদায়-নির্বিশেষে অভিন্ন ঐতিহ্যের সব মানুষকে একত্র করে এবং গান-বাজনা, নাটক ও ঐতিহ্যবাহী খাবার উপভোগের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে সম্মান দেখানোর সুযোগ করে দেয়।হিলারি বলেন, ‘এই শুভক্ষণে আমাদের সন্তান ও বংশধরদের জন্য আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ একটি ভবিষ্যতের জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। আর আসুন, সেই সঙ্গে আমরা পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধা বিকাশে বিশ্বব্যাপী আমাদের প্রচেষ্টাকে পুনরায় জোরদার করি। যারা এই বিশেষ দিবসটি উদ্যাপন করছেন, তাঁদের সবাইকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। শুভ নববর্ষ।’