পয়লা বৈশাখে রমনায় ৬৫০০ পুলিশ মোতায়েন থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, পয়লা বৈশাখে রমনাসহ রাজধানীর ১১৭টি পয়েন্টে অনুষ্ঠান হবে। তার মধ্যে শুধু রমনা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ছয় হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হবে।আজ শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক সাংবাদিকদের এ কথা বলেন। নূর মোহাম্মদ আরও বলেন, ‘টেন্ডার-সন্ত্রাস দমনে আমরা টেন্ডার বাক্সগুলো ডিসি অফিস, এসপি অফিস ও থানায় রাখার কথা বলেছি। কিন্তু তা করা হবে কি না সে সিদ্ধান্ত নেবেন যাঁরা টেন্ডার ডাকেন তাঁরা। তবে কোথাও টেন্ডার সন্ত্রাস হলে পুলিশ যথাযথভাবে তা প্রতিহত করবে। পুলিশ যদি এ কাজে ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা অথবা পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশের মহাপরিদর্শক জানান, বৈঠকে তাঁরা পয়লা বৈশাখের নিরাপত্তাব্যবস্থা, মেয়েদের উত্ত্যক্ত করা, টেন্ডার-সন্ত্রাস ও রেড অ্যালার্ট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধ করতে পুলিশ ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছে। পুলিশ এখন থেকে মেয়েদের স্কুলগুলোতে যাবে এবং এগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। পুলিশ স্কুল কর্তৃপক্ষকে একটি ফোন নম্বর দিয়ে আসবে যাতে মেয়েদের উত্ত্যক্ত করার কোনো ঘটনা ঘটলে তারা তত্ক্ষণাত্ পুলিশকে জানাতে পারে। সংবাদ সম্মেলনে পুলিশ সদর দপ্তরের সব অতিরিক্ত মহাপরিদর্শক, র‌্যাব, সিআইডি ও এসবির প্রধান এবং ঢাকা মহানগরের পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।