পয়লা বৈশাখে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পয়লা বৈশাখ উপলক্ষে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজন করেছে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পয়লা বৈশাখে এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের হাজারও কণ্ঠশিল্পী। ১৪ এপ্রিল ভোরবেলা থেকেই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এতে গান গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, কনকচাঁপা, সৈয়দ আবদুল হাদী, কিরণ চন্দ্র রায়, রফিকুল আলম, আবিদা সুলতানা ও আইয়ুব বাচ্চু। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। ভোর থেকে বেলা দুইটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলে বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে। মেলায় থাকবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি পণ্যের স্টল। এ ছাড়া পয়লা বৈশাখে চ্যানেল আইয়ের রাতের অধিবেশনে ৭.৫০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের নতুন নাটক এবং রাত ১১.৩০ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত ও উপস্থাপিত বৈশাখের বিশেষ অনুষ্ঠান।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চৈত্রসংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সুরের ধারা আয়োজিত বর্ষবিদায় ও বর্ষবরণের এই অনুষ্ঠান ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।