পয়লা বৈশাখের অনুষ্ঠানস্থলকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
পয়লা বৈশাখে সারা দেশের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৩ হাজার সদস্য মোতায়েন করা হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেসব এলাকায় হবে, ওই সব এলাকাকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এবার ঢাকা মহানগরে ১৭৫টি স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে। এসব জায়গায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলতে সিসিটিভি ক্যামেরাসহ তল্লাশি করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন শপিং মল ও দোকানে যেখানে হালখাতা অনুষ্ঠান হবে, সেখানেও নিরাপত্তা জোরদার করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমসহ ভিভিআইপিদের সবার গাড়ি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। রমনা বটমূলে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। এ ছাড়া অনুষ্ঠানস্থলে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করাসহ, স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিমন্ত্রী ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে এক হয়ে এ অনুষ্ঠান উদযাপনের অনুরোধ জানিয়েছেন। এ সময় বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।