পয়সারহাট নদীতে কোটি টাকার ফেরি ও পন্টুন নষ্ট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বে অবহেলার কারণে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীর পূর্ব পাড়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোটি টাকা মূল্যের ফেরি ও দুটি পন্টুন নষ্ট হয়ে যাচ্ছে। এ সুযোগে স্থানীয় একটি সংঘবদ্ধ চোরের দল ফেরি ও পন্টুুনের লোহা, স্টিলের পাতসহ মালামাল রাতের আঁধারে খুলে নিয়ে যাচ্ছে।স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট ও গোপালগঞ্জ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য পয়সারহাট নদীতে ১৯৮৩ সাল থেকে ফেরি চলাচল শুরু হয়। এ ফেরি চালু হওয়ার পর বরিশাল ও খুলনার সড়ক পথে প্রায় ১২০ কিলোমিটার দুরত্ব কমে যায়। এ পথে যাতায়াতকারী মো. ছবির আলী (৬০), মো. কেরামত আলীসহ (৫৫) কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে এ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সওজ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে পয়সারহাট নদীর ওপর প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ওই বছরের (১৯৯৮ সালের) বন্যায় পয়সারহাট পশ্চিম পাড়ের পন্টুনটি ভেসে যায়। ওই সময় পূর্ব পাড়ের পন্টুনটি স্থানীয় লোকেরা একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। বর্তমানে একটি ফেরি ও একটি পন্টুন নদীর পূর্ব পাড়ের একটি ডোবায় অরক্ষিত অবস্থায় রয়েছে। ইতিমধ্যে মরিচা ধরে এর অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। এ সুযোগে স্থানীয় সংঘবদ্ধ চোরের দল ফেরির মালামাল রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে। এ ছাড়া সন্ধ্যার পর ফেরিতে বসে বখাটেরা নিরাপদে মাদক সেবন করে।এ ব্যাপারে বরিশাল সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হানিফ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই এগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।