পয়া ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারণটা যা-ই হোক, কিছু মাঠ আছে যেখানে নামলেই যেন সাফল্য হাত বাড়িয়ে দেয়বাংলাদেশ কেন সব ম্যাচ চট্টগ্রামে খেলে না? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শেষ সাতটি ওয়ানডের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে সেই ৫৮ বিপর্যয়ের পরের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়টি তো এসেছে এ মাঠেই। আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় সিরিজ খোয়ানোর পর চট্টগ্রামেই তো শেষ ওয়ানডেতে সফরকারীদের নাকানিচুবানি খাইয়েছেন মুশফিক-সাকিবরা। বৃষ্টি আর মাঠের অব্যবস্থাপনায় দুটি দিন নষ্ট না হলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পক্ষে ফলাফলও হতে পারত। সাফল্যের পাল্লাটাই যেখানে ভারী, সেটিই তো দলের পয়া ভেন্যু।কিন্তু বাংলাদেশের সবচেয়ে পয়া ভেন্যু কি এটিই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশাপাশি চলে আসে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের নামও। যদিও এখানে সর্বশেষ সাত ম্যাচের সব কটিতেই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে দুটি ম্যাচে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার লজ্জাও আছে। কিন্তু দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্যটাও এসেছে এই মাঠেই। বছর খানেক আগে এই মাঠেই ধবলধোলাই হয়েছে নিউজিল্যান্ড। ২০০৯-এর জানুয়ারিতে তিন জাতি ক্রিকেটে একবার শ্রীলঙ্কাকে হারানোর পর ফাইনালেও তাদের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। ২০০৮-এ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়টি এসেছিল এই মাঠেই। এখানে ৪৫টি ওয়ানডেতে ১৯টিতে জয় বাংলাদেশের, হার ২৬টিতে। সাফল্যের হার বেশ ভালো। টেস্টেও ৬ ম্যাচে একটিতে ড্র করেছে বাংলাদেশ। এখন পাঠক আপনারাই বের করুন, মুশফিক-তামিমদের জন্য কোনটি পয়া ভেন্যু।বাংলাদেশেরটি বাছাই করতে সমস্যা হলেও বেশ কয়েকটা দলের পয়া ভেন্যুর নাম অনায়াসেই বলে দেওয়া যায়। যেমন—অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার জন্য হোবার্টের বেলেরিভ ওভাল, পাকিস্তানের জন্য করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস।করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান প্রথম টেস্ট খেলে সেই ১৯৫৫ সালে। এখানে খেলা ৪১টি টেস্টের মাত্র দুটিতেই হেরেছে দলটি। যার প্রথমটি মাত্র ২০০০ সালে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান জিতেছে ২১টি টেস্টে। টেস্টে করাচি পাকিস্তানের পয়া হলেও ওয়ানডেতে তাদের প্রিয় ভেন্যু কিন্তু দেশের বাইরে। আরব আমিরাতের শারজায় ১০৮ ম্যাচ খেলে ৭৪টিতেই জিতেছে তারা। নির্বাসন থেকে ফিরে আসার পর দক্ষিণ আফ্রিকার ‘লাকি’ ভেন্যুতে পরিণত হয়েছে কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়াম। এখানে ২৯টি ওয়ানডের মাত্র চারটিতে হেরেছে তারা, জিতেছে বাকি সব ম্যাচে। টেস্টেও একই অবস্থা। ২২ ম্যাচে ১৪ জয়, হার মাত্র ৩টি। অবশ্য বর্ণ-বিদ্বেষের যুগে এখানে খেলা ২৪ ম্যাচের মাত্র ৩টিতে জয় নিয়ে ফিরতে পেরেছিল প্রোটিয়ারা।দ্বীপরাজ্য তাসমানিয়ার রাজধানী হোবার্ট হচ্ছে অস্ট্রেলিয়ার পয়া ভেন্যু। হোবার্টের বেলেরিভ ওভালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে এখানে খেলা ২৫ ম্যাচের ১৯টিতেই জিতেছে স্বাগতিকেরা। হেরেছে মাত্র তিনটি ওয়ানডেতে। এখানে নয়টি টেস্ট খেলে সাতটিতে জিতেছে অস্ট্রেলিয়া। আর খারাপ আবহাওয়ার জন্য ড্র হওয়া ম্যাচ দুটিতেও সুবিধাজনক জায়গায় ছিল অস্ট্রেলিয়া।তাসমান সাগরের ওপারের দেশ নিউজিল্যান্ড সবচেয়ে সফল হ্যামিল্টনের সেডন পার্কে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখানে খেলা ৩৬ ম্যাচের ২০টিতে জিতেছে দলটি।টেস্ট খেলুড়ে বাকি দলগুলোর জন্য একটি লাকি গ্রাউন্ড বের করা মুশকিল, যেমন ভারত। কোন ভেন্যুতে ভারত সবচেয়ে সফল, এটা হিসাব করে বের করা গেলেও সেটাকে ‘লাকি’ বলা যায় না কিছুতেই। টেস্টে ভারতের জয়-পরাজয়ের অনুপাত সবচেয়ে ভালো চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। সেখানে ৩০ টেস্টের ১২টিতে জিতলেও তারা হেরেছে ৫টি ম্যাচে। ওয়ানডেতে অবশ্য গোয়ালিয়রের ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়াম (১০ ম্যাচে ৮ জয়) অথবা কানপুরের গ্রিন পার্ককে (১১ ম্যাচে ৮) ভারতের পয়া ভেন্যুও বলা যায়। ওয়ানডেতে কিংসটাউন ওয়েস্ট ইন্ডিজের পয়া ভেন্যু (২০ ম্যাচে ১৭ জয়) হলেও টেস্টে তাদের সে রকম কোনো ভেন্যু খুঁজে পাওয়া যায় না। শ্রীলঙ্কার জন্য কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডকে পয়া টেস্ট ভেন্যু বলা যায়। এখানে ৩৫ টেস্টের ১৭টিতে জিতেছে দলটি, হেরেছে মাত্র ছয়টিতে। তবে ইংল্যান্ডের জন্য একক কোনো ভেন্যুকে বেছে নেওয়া একেবারে অসম্ভব।বাকি রইল জিম্বাবুয়ে। দলটির প্রিয় ভেন্যু অবশ্যই হারারে স্পোর্টস ক্লাব। এখানেই সবচেয়ে বেশি টেস্ট (৬) ও ওয়ানডে (৩০) জিতেছে দলটি। সোলায়মান পলাশ