পয়োনিষ্কাশন-ব্যবস্থা এক যুগ আগের অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পয়োনিষ্কাশন-ব্যবস্থা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। বিগত প্রায় এক যুগে এই ব্যবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি না হওয়ায় তা বিস্ফোরণোন্মুখ হয়ে উঠেছে। মহানগরের ৭০ শতাংশ এলাকায় আজও পয়োনিষ্কাশনের ব্যবস্থাই নেই উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট পদক্ষেপ ও অগ্রগতি না থাকায় রাজধানী ও এর আশপাশের নদী ও খালগুলোই এখন সব ধরনের বর্জ্য ও মলমূত্রের আধারে পরিণত হয়েছে।ওয়াসার দায়িত্বশীল সূত্র জানায়, ১৯২৩ সালে মহানগরের পয়োনিষ্কাশন-ব্যবস্থা চালুর পর গত প্রায় ৭৮ বছরে ঢাকায় স্থাপিত হয়েছে মাত্র ৬৩১ কিলোমিটার পয়োলাইন। অথচ নব্বইয়ের দশকের শুরুতে মেট্রোপলিটন এলাকা সম্প্রসারিত হওয়ার পর প্রায় তিন হাজার ১৫৫ কিলোমিটার পয়োলাইন স্থাপনের প্রয়োজন হয়। কিন্তু ১৯৯৮ সালে যতটুকু পয়োলাইন ছিল, এক যুগ পরও তাই রয়ে গেছে।সূত্র জানায়, এক যুগ আগেও রাজধানীর মাত্র ৩০ শতাংশ অঞ্চলের পয়োবর্জ্য পাগলা শোধনাগারে নিয়ে যাওয়ার লাইন ছিল। ঢাকা ওয়াসার হিসাবে এখনো তাই রয়েছে। কিন্তু সংস্কারের অভাবে সেই পাইপলাইন অনেক স্থানে অকেজো হয়ে গেছে। নগরের যেসব এলাকায় পয়োলাইন আছে, সেসব এলাকায় প্রতিদিন বর্জ্যের যে প্রবল চাপ পড়ছে, তা যেকোনো সময় নগরবাসীকে চরম দুরবস্থার দিকে ঠেলে দেবে।গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ ঢাকা মহানগরের ৭০ শতাংশ অঞ্চলে পয়োনিষ্কাশন-ব্যবস্থা নেই। সায়েদাবাদসহ কয়েকটি স্থানের অকেজো লাইনের হিসাব ধরলে প্রায় ৮০ শতাংশ এলাকার বর্জ্যই বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা নদীতে পড়ে পানির দূষণ ঘটাচ্ছে।ওয়াসার দেওয়া তথ্য ছাড়াও প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর ৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের ২৬টি খাল দিয়ে এবং ড্রেনের মাধ্যমে নিষ্কাশিত সমস্ত বর্জ্যের গন্তব্য হচ্ছে ঢাকার নদীগুলো। অবৈধ দখলের কারণে অনেক খালের গতিপথ রুদ্ধ হয়ে গেলেও খাল দিয়ে তরল ময়লা খুব সহজেই নদীতে চলে যাচ্ছে।পয়োনিষ্কাশন লাইন না থাকায় গন্তব্য নদী: পয়োনিষ্কাশন লাইন না থাকায় নগরের বেশির ভাগ হাসপাতাল, ক্লিনিক ও শিল্পপ্রতিষ্ঠানে স্থাপিত পয়োবর্জ্য এবং কাঁচা পায়খানার মল গিয়ে মিশছে নদীর পানিতে। ঢাকা ওয়াসা সূত্র এই তথ্যের সত্যতা স্বীকার করেছে। বুড়িগঙ্গা নদীর তীরে এ ধরনের প্রায় আড়াই হাজার ছোট-বড় শিল্প কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য সরাসরি পানিকে দূষিত করছে। প্রধানত পুরান ঢাকার বেশির ভাগ এলাকায় পয়োনিষ্কাশন লাইন না থাকায় এবং অনেক লাইন অকেজো থাকায় বিভিন্ন বাড়ির অভ্যন্তরীণ নিষ্কাশন লাইনের সঙ্গে ড্রেনের সংযোগ করা হয়েছে। এর সর্বশেষ গন্তব্য হচ্ছে বুড়িগঙ্গা। পূর্বাঞ্চলসহ বাড্ডা ও বিভিন্ন এলাকার বর্জ্য বালু ও শীতলক্ষ্যা নদীতে এবং বাড্ডা ও শাখা খালের মাধ্যমে গুলশান, বারিধারা, উত্তরা ও টঙ্গীর সমস্ত বর্জ্য যাচ্ছে তুরাগ নদে। কল্যাণপুর, মিরপুর ও শহরতলির বর্জ্য সেখানকার ছয়টি খাল দিয়ে তুরাগ নদে যাচ্ছে।বিশাল মিরপুরের মাত্র ৭ শতাংশ এলাকা পয়োনিষ্কাশন লাইনের আওতায়। পয়োব্যবস্থা নেই টঙ্গী, মোহাম্মদপুরের অংশবিশেষ, বাড্ডা, ক্যান্টনমেন্টসহ অনেক এলাকায়।বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা এক বছর আগের তুলনায় অনেক খারাপ। শ্যামবাজার, মিলব্যারাক, বাদামতলীসহ আশপাশের প্রায় সব এলাকায় নদীর ধারে রয়েছে কাঁচা পায়খানা। ঢাকার বিভিন্ন স্থানের বর্জ্য ছাড়াও এসব কাঁচা পায়খানার মল সরাসরি পড়ছে নদীতে। শ্যামবাজারের একটি আড়তের কর্মচারী মিলন জানান, নদীর অনান্য দূষণের সঙ্গে পায়খানার গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়।শোধনাগারেও সমস্যা: ঢাকা মহানগরে দৈনিক প্রায় ১২ লাখ ৪০ হাজার ঘনমিটার পয়োবর্জ্যের মধ্যে শোধন হচ্ছে মাত্র ৩৫ থেকে ৫০ হাজার ঘনমিটার। পাগলায় অবস্থিত এই শোধনাগারটিতে ক্ষমতার অর্ধেকও শোধন হচ্ছে না। এ ছাড়া ঢাকায় শতাধিক পয়োলিফট স্টেশনের স্থলে আছে মাত্র ২৩টি। এগুলোর মধ্যে কিছু আবার অকেজো।বিস্ফোরণ ও উপচে পড়া সমস্যা: সূত্র জানায়, নগরের যেসব এলাকায় পয়োলাইন আছে, সেসব এলাকায় প্রতিদিন বর্জ্যের যে চাপ পড়ছে, তা যেকোনো সময় নগরবাসীকে চরম দুরবস্থার দিকে ঠেলে দেবে। এসব স্থানে মাটির নিচে একটি জমাটবদ্ধ অবস্থা বিরাজ করছে। বহু পুরোনো পাইপ ফেটে যাওয়ায় পয়োলাইন ও ড্রেনেজ লাইন একাকার হয়ে যাচ্ছে। ভূ-উপরিস্থ (সারফেস) ড্রেনের মাধ্যমে পলিথিন, ব্যবহূত স্যালাইন ব্যাগ, ইনজেকশন টিউব এবং যত্রতত্র গড়ে ওঠা বহুতল ভবনের বর্জ্য গিয়ে পয়োলাইনে মিশে মাটির নিচে বিষাক্ত গ্যাসের স্তর তৈরি হচ্ছে। এই লাইন সংস্কার না করলে এই গ্যাস বিস্ফোরিত হতে পারে যেকোনো সময়। ১৯৯৭ সালে গ্রিন রোড চৌরাস্তায় এ ধরনের একটি বিস্ফোরণ ঘটেছিল। বর্তমানে নগরের পুরান ঢাকা, মালিবাগ, শান্তিনগর, ভূতের গলি, সেন্ট্রাল রোড, পুরানা পল্টন, ইস্কাটন, মগবাজার, নয়াটোলা, মধুবাগ এলাকায় পয়োলাইনে ‘উপচে পড়া’ সমস্যা দেখা দিয়েছে। ধানমন্ডি, লালমাটিয়া, কারওয়ান বাজার, বাসাবো, জাফরাবাদ, রায়ের বাজার, রাজাবাজার এলাকার লাইনও এখন হুমকির মুখে।ঢাকা ওয়াসা যা বলে: ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ওয়াসার ৩০ শতাংশ পয়োলাইনের মাধ্যমে প্রায় ৩০ শতাংশ বর্জ্য পাগলা শোধনাগারে যায়। বাকি ৭০ শতাংশ এলাকার বাড়িগুলোর নিয়ম অনুযায়ী ‘সেপ্টিক ট্যাংক’ করার কথা। এ জন্য ওয়াসা তাদের কাছ থেকে পয়োবিলও নেয় না। কিন্তু রাতের বেলায় বিভিন্ন বাড়ির শৌচাগার থেকে অবৈধ সংযোগ দেওয়া হয় ওয়াসার বৃষ্টির পানি যাওয়ার ড্রেনের (স্ট্রম স্যুয়ার) লাইনের সঙ্গে। এতে নদীগুলো দূষিত হয়ে পড়ছে।