পয়োবর্জ্যের ব্যবস্থাপনা খুবই দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পয়োবর্জ্যের ব্যবস্থাপনা খুবই দুর্বল। শোধনাগার ও সুনির্দিষ্ট জায়গা না থাকায় মানুষ এই বর্জ্য নর্দমা ছাড়াও পতিত জমি, নদী-নালা, খাল এমনকি ফসলের জমিতে ফেলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়াজনিত রোগের প্রকোপ না কমার এটি উল্লেখযোগ্য কারণ।গবেষকেরা বলছেন, দেশে প্রতিদিন মানববর্জ্যের পরিমাণ ৮০ হাজার মেট্রিক টন। এর মধ্যে শহর এলাকায় হয় ২৪ হাজার মেট্রিক টন। দেশের একমাত্র পয়োবর্জ্য শোধনাগারটি নারায়ণগঞ্জে। এটি ঢাকা মহানগরের পয়োবর্জ্যের মাত্র ২০ শতাংশ শোধন করতে পারে। ঢাকার বাকিটাসহ সারা দেশের পয়োবর্জ্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ওয়াটারএইডের দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম বলেন, নিরাপদ পয়োবর্জ্য ব্যবস্থাপনা না থাকায় স্বাস্থ্যসম্মত পায়খানার সংখ্যা বৃদ্ধির সুফল পাওয়া যাচ্ছে না। নিজের পায়খানার গর্ত বা সেপটিক ট্যাংকটি ভরে গেলে বর্জ্য নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। সারা দেশের বিপুল পরিমাণ পয়োবর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয়ভাবে সরকারেরও কোনো উদ্যোগ নেই।খায়রুল ইসলাম এ বিষয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আইসিডিডিআরবির বিজ্ঞানীরা বলেছেন, বছরে বাংলাদেশে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়। বিশ্বব্যাংকের হিসাবে ডায়রিয়াজনিত রোগের কারণে বছরে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ হয়, যা ২০০৭ সালের হিসাব অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের ৬ দশমিক ৩ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যথাযথভাবে পয়োবর্জ্য ব্যবস্থাপনা করলে ডায়রিয়ার সংক্রমণ ৩৬ শতাংশ কমানো সম্ভব।পরিস্থিতি: সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ১০ বছরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৩ সালে ৪৩ শতাংশ মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, বর্তমানে মাত্র ৪ দশমিক ৪ শতাংশ মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করে। ৫৪ শতাংশ মানুষের মানসম্পন্ন পায়খানা আছে। ২৫ শতাংশ মানুষ অন্যের সঙ্গে ভাগাভাগি করে পায়খানা ব্যবহার করে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. ফিরোজ আহমেদ বলেন, পল্লি এলাকায় পয়োব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। গ্রামের মানুষকে আগের মতো খোলা জায়গায় মলত্যাগ করতে দেখা যায় না। কিন্তু শহর এলাকার পরিস্থিতি খারাপ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্রামে পয়োবর্জ্যে গর্ত ভরে গেলে আবার গর্ত খুঁড়ে নতুন পায়খানা তৈরি করা হয়। কিন্তু শহরে তা সম্ভব হয় না।ঢাকা ও খুলনা মহানগর এবং ফরিদপুর শহরের পয়োব্যবস্থা ও বর্জ্য নিয়ে গবেষণা করেছেন ওয়াটারএইডের গবেষণা ব্যবস্থাপক আফতাব ওপেল। মহানগর দুটির দশমিক ৭৭ শতাংশ পরিবারের কোনো ধরনের পায়খানা নেই। ফরিদপুরে এই হার ১ দশমিক ৯৮ শতাংশ।আফতাব ওপেলের গবেষণায় দেখা গেছে, তিনটি শহরেই কায়িক শ্রমে ট্যাংক বা পিট খালি বা পরিষ্কার করার প্রবণতা বেশি। ঢাকায় ৩০ শতাংশ পরিবার যান্ত্রিকভাবে কাজটি করে। ফরিদপুরে এই হার ১৩ শতাংশ। খুলনায় মাত্র ২ শতাংশ।পয়োবর্জ্যের গন্তব্য: গবেষণার তিনটি শহরের একটিতেও পয়োবর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। ফরিদপুর ও খুলনা শহরে কঠিন বর্জ্য ফেলার জন্য নির্ধারিত স্থানে পয়োবর্জ্য ফেলা হয়। তবে সেখানে ৫ শতাংশেরও কম পয়োবর্জ্য ফেলা হয়। ওই স্থান দুটির খুব কাছে আবাসন গড়ে উঠেছে। বর্জ্যের তরল অংশ সরাসরি পানিতে গিয়ে পড়ছে।পরিবেশ ও স্বাস্থ্যসম্মতভাবে ব্যবস্থাপনা হয় না বলে পয়োবর্জ্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ খায়রুল ইসলাম বলেন, পরিবহনের সুবিধা না থাকায় মানুষ পয়োবর্জ্য দূরে নিতে পারে না। সাধারণত রাতের অন্ধকার থাকতেই সুবিধামতো জায়গায় অর্থাৎ খোলা নর্দমা, জলাশয়, রাস্তার পাশে, জমিতে বা মাঠে ফেলে দেয়।গবেষণায় দেখা গেছে, ফরিদপুরে ১৮, ঢাকায় ৩৬ ও খুলনায় ২৪ শতাংশ পয়োবর্জ্য ফেলা হয় সাধারণ কঠিন বর্জ্যের জন্য নির্দিষ্ট স্থানে। অন্য দিকে ফরিদপুরে ৪, ঢাকায় ৪৩ ও খুলনায় ৩০ শতাংশ পয়োবর্জ্য খোলা নর্দমায় ফেলা হয়। সরাসরি নদী বা জলাশয়ে ফেলা হয় ঢাকায় ১৫, ফরিদপুরে ২ ও খুলনায় ৩ শতাংশ।শোধনের বিদ্যমান ব্যবস্থা: নারায়ণগঞ্জের পাগলায় ঢাকা ওয়াসার একটি পয়োবর্জ্য শোধনাগার আছে। শোধনাগারটি ঢাকা মহানগরের পয়োবর্জ্যের ২০ শতাংশ শোধন করতে পারে।২০০৯ সালে ফরিদপুর শহরের উপকণ্ঠে একটি শোধনাগার তৈরি করা হয়, যা আজও চালু হয়নি। ফরিদপুর শহরের পয়োবর্জ্যের মাত্র দশমিক ৪৫ শতাংশ শোধনের ক্ষমতা রয়েছে এর।সরকারি তৎপরতা: ১৯৯৮ সালের ‘জাতীয় পানি সরবরাহ ও স্যানিটেশন নীতি’ এবং ‘জাতীয় স্যানিটেশন কৌশল, ২০০৫’-এ স্বাস্থ্যসম্মত পায়খানার সংখ্যা বৃদ্ধি, এ জন্য অর্থায়ন, মানুষের সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু মল ব্যবস্থাপনার নীতি বা কৌশল নিয়ে কোনো কথা নেই।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় মাঝারি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্প বাস্তবায়ন করছে। ওই প্রকল্পের আওতায় ১৬টি শহরের ১০০ শতাংশ মানুষকে স্বাস্থ্যসম্মত পায়খানার আওতায় আনা হবে। প্রকল্প পরিচালক এস শাহবাজ হোসেন প্রথম আলোকে বলেন, এই শহরগুলোতে মল ব্যবস্থাপনার জন্য পৃথক জায়গা রাখা হবে। জায়গা পাওয়া খুবই কঠিন হচ্ছে। মল সংগ্রহ এবং তা পচিয়ে ক্ষয় করার ব্যাপারে দু-একটি দেশের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, টঙ্গী, কামরাঙ্গীরচর, বৈদ্যেরটেক, উত্তরখান ও দিয়াবাড়ী এলাকায় নতুন পাঁচটি শোধনাগার তৈরির পরিকল্পনা আছে।