ফকিরভোগ থেকে ফজলি
আমের মৌসুম এখন শেষ প্রান্তে। গ্রীষ্মের শুরুতে এসেছিল বাজারে। হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, লক্ষণভোগের দিন প্রায় ফুরিয়ে এল। বাজারে এখন এসেছে ফজলি আম।আকারে বড় ও স্বাদ-গন্ধে অতুলনীয় ফজলি আম সাধারণত আষাঢ় মাস থেকেই পাকতে শুরু করে। ভারতের মালদহ জেলার ফজলি আমের জাত সুখ্যাত। আমাদের দেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে ফজলি আমের চাষ হয় প্রচুর। রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার পুঠিয়ার বানেশ্বরে আম ব্যবসায়ী খোকন চাকি জানালেন, রাজশাহীর ফজলি আম একটু আগাম জাতের। এগুলোই বাজারে আসে প্রথম। আষাঢ়ের প্রথম পর্যায়ে। রাজশাহীর ফজলি শেষ হলে আসতে থাকে চাঁপাইনবাবগঞ্জের ফজলি। আমের বাজারে এখন প্রাধান্য রাজশাহীর ফজলির। শিগগিরই এসে যাবে চাঁপাইয়ের ফজলি।ব্রিটিশ ভারতে মালদহ জেলার কালেক্টর র্যাভেনশ এই আমকে ‘ফজলি’ নামে অভিহিত করেন। হেরিটেজ রাজশাহী থেকে প্রকাশিত মাহবুব সিদ্দিকীর বই আম-এ বিস্তারিত তথ্য আছে এ বিষয়ে। ফজলি আম আগে ‘ফকিরভোগ’ বলে পরিচিত ছিল। কথিত আছে, ফজলি বিবি নামে এক বৃদ্ধার বাড়ি থেকে প্রথম এই জাতটি সংগৃহীত হয়েছিল। তিনি বাস করতেন বাংলার স্বাধীন সুলতানদের ধ্বংসপ্রাপ্ত গৌড়ের একটি প্রাচীন কুঠিতে। তাঁর বাড়ির আঙিনায় ছিল একটি পুরোনো আমগাছ। তবে এটি কোন জাতের, সে বিষয়ে কোনো ধারণা ছিল না তাঁর। ফজলি বিবি গাছটির খুব যত্ন নিতেন। গাছটিতে প্রচুর আম ধরত। আমগুলো যেমন আকারে বড়, তেমনি সুস্বাদু। সেখানকার নির্জনবাসী ফকির-সন্ন্যাসীদের তিনি এই আম দিয়ে আপ্যায়ন করতেন। সে জন্য ফজলি বিবি এই আমের নাম দিয়েছিলেন ‘ফকিরভোগ’।র্যাভেনশ সাহেব একবার অবকাশ যাপনের জন্য ফজলি বিবির কুঠির কাছে শিবির স্থাপন করেছিলেন। সাহেব আসার খবর পেয়ে ফজলি বিবি ফকিরভোগ আম নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। র্যাভেনশ সাহেব আম খেয়ে অত্যন্ত মুগ্ধ হন। ফজলি বিবির আতিথেয়তায় এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি ওই আমের নামটিই রেখে দেন ‘ফজলি’। তখন থেকে এই নাম মানুষের মুখে মুখে চারদিকে ছড়িয়ে পড়ে।আমের মধ্যে ফজলি জাতটি বড় আকারের। আমের ওজন ৫০০ থেকে ১২৫০ গ্রাম পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্র পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ফজলি আম গড়ে লম্বায় ১৩ দশমিক ৮ সেন্টিমিটার, পাশে ৯ দশমিক ৫ সেন্টিমিটার এবং ওজন গড়ে ৬৫৪ দশমিক ৪ গ্রাম। আমটি দীর্ঘ এবং কিছু চ্যাপ্টা। পাকা আমের খোসা কিছুটা হলুদ হয়ে ওঠে। শাঁস হলুদ, আঁশবিহীন, রসালো, সুগন্ধযুক্ত, সুস্বাদু ও মিষ্টি। খোসা পাতলা। আঁটি লম্বা, চ্যাপ্টা ও পাতলা। ফজলি আমের গড় মিষ্টতা ১৭ দশমিক ৫ শতাংশ।ফজলি আম নাবি জাতের। আষাঢ়-শ্রাবণ মাসে পাকে। মুকুল আসা থেকে পাকা পর্যন্ত সাড়ে পাঁচ মাস সময় নেয়। ফল পাড়ার পরে সাত-আট দিন পাকার জন্য সময় নেয়। ফলন প্রায় নিয়মিত। একটি পরিণত গাছে গড়ে প্রতিবছর ৫০০ থেকে ৬০০ আম ধরে।ফজলির আরেকটি জাত হলো ‘সুরমা’। প্রচলিত নাম ‘সুরমা ফজলি’। এটি আকারে একটু ছোট। তবে স্বাদে উৎকৃষ্ট। বাঘা ও চারঘাট এলাকায় উন্নতমানের ফজলি আম ব্যাপকভাবে চাষ হয়ে আসছে। অবিভক্ত ভারতে বাঘার ফজলি আম কলকাতার বাজারে ব্যাপকভাবে সমাদৃত ছিল। ডব্লিউ এইচ নেলসনের ১৯১২ থেকে ১৯২২ সালের ভূমি জরিপ প্রতিবেদনে আম ও ব্যবসাসংক্রান্ত অংশে বাঘার ফজলি আম সম্পর্কে বলা হয়েছে, ‘প্রশংসা করার মতো এই আম কলকাতার বাজারে নাটোরের আম বলে বিক্রি হয়।’ বাঘার ফজলি চাঁপাইনবাবগঞ্জের আমের চেয়ে আকারে অনেকটা ছোট হলেও স্বাদে-গন্ধে অতুলনীয়। ইদানীং নওগাঁ জেলার বদলগাছি ও ধামইরহাট এলাকায় ‘নাক ফজলি’ নামের আরেকটি জাতের চাষ হয়ে থাকে। এ ছাড়া দিনাজপুরেও ফজলি আমের চাষ হয়।