ফকিরহাট ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে ডাকাতি করতে যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জুয়েল সরদারের (২৭) নেতৃত্বে সাত-আটজন ডাকাত গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আট্টাকি গ্রামের ব্যবসায়ী মো. আবুল কাশেমের বাড়িতে ডাকাতি করতে যান। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পালানোর সময় জুয়েল তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে তিন ব্যক্তি গুলিবিদ্ধ হন। ডাকাতির চেষ্টা ও গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার শহীদ ওরফে সাগর হাওলাদার (৩০) গতকাল রোববার বিকেলে বাগেরহাট বিচারিক হাকিম-১-এর বিচারক মো. নূর নবীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানান।পুলিশ জানায়, ডাকাতির চেষ্টা ও গুলি ছোড়ার ঘটনায় এ পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের সাহাপুর গ্রামের আবদুস সালাম মোল্লা, একই উপজেলার সাতশৈয়া গ্রামের জুয়েল সরদার এবং খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের শহীদ ওরফে সাগর হাওলাদার। মামলার তদন্ত কর্মকর্তা ও ফকিরহাট থানার উপপরিদর্শক এস এম ফিরোজ আলম গতকাল বিকেলে এই প্রতিবেদককে জানান, ঘটনার রাতে আটক সালাম মোল্লার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শনিবার রাতে খুলনার ফুলতলা যৌনপল্লি থেকে শহীদকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই রাতেই ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেনের ভাইয়ের ছেলে জুয়েলকে বিশ্বরোড মোড় থেকে গ্রেপ্তার করে। শহীদ গতকাল বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জুয়েল ও সালামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত সোমবার (আজ) এ বিষয়ে শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।শহীদ আরও স্বীকার করেন, জুয়েল তাঁর পূর্বপরিচিত। ঘটনার দিন সন্ধ্যায় জুয়েল তাঁকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া গ্রাম থেকে ফকিরহাটে নিয়ে আসেন। ওই রাতে তিনি, জুয়েল ও স্থানীয় চার-পাঁচজন ফকিরহাট উপজেলার পাগলা দিয়াপাড়া বনফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসে হেরোইন সেবন ও ডাকাতির পরিকল্পনা করেন। রাত দুইটার দিকে তাঁরা ডাকাতি করতে আট্টাকি গ্রামের ব্যবসায়ী মো. আবুল কাশেমের বাড়িতে যান।বৃহস্পতিবার ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে গৃহকর্তা আবুল কাশেম (৩৫), প্রতিবেশী তিন সহোদর আশরাফ আলী (৪২), আকরাম হোসেন (৩৭) ও ইকরাম হোসেন (৩০) এবং তাঁদের ভাইয়ের ছেলে মামুন শেখ (২৭) আহত হন। এ ঘটনায় আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আট ব্যক্তির বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি মামলা করেন।ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জুয়েল আমার চাচাতো ভাইয়ের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে নেশা করার অভিযোগ আছে। তবে ডাকাতির মতো ঘটনায় সে জড়িত বলে আমার বিশ্বাস হয় না।’