ফকিরহাটের ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের গুলিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবার নির্বাচিত চেয়ারম্যান খান জাহিদ হাসানসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে খুলনার রূপসা উপজেলার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাগেরহাট-খুলনা সড়কে এ ঘটনা ঘটে।এ সময় চেয়ারম্যান জাহিদ (৫৩) মোটরসাইকেলে খুলনা থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। তিনি ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি উপজেলা সদরের সাতশৈয়া গ্রামে। নিহত অন্য ব্যক্তির নাম মুন্না (২৮)। তিনি চেয়ারম্যানকে বহনকারী মোটরসাইকেলের চালক ছিলেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস প্রথম আলোকে বলেন, জাহিদ প্রতিদিনের মতো গতকাল সকালে খুলনার বাড়ি থেকে ফকিরহাটে নিজ এলাকায় যাচ্ছিলেন। তাঁকে বহনকারী ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক মুন্না ছিলেন তাঁর পূর্বপরিচিত। প্রায়ই তিনি ওই মোটরসাইকেলে করে খুলনা থেকে ফকিরহাটে যেতেন। সকাল পৌনে ১০টার দিকে তাঁরা খুলনার রূপসার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।এ খবর পেয়ে ফকিরহাট এলাকা থেকে কয়েক শ মানুষ ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যানের মরদেহ ফকিরহাটে নিয়ে যান। বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা খুলনা-মংলা-ফকিরহাট অঞ্চলের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেন।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য খান জাহিদ হাসানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে তাঁর গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়।রূপসা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎ ক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।এলাকার বিভিন্ন সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে ফকিরহাটে আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল প্রকট হয়ে উঠেছিল। তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়া খান জাহিদ হাসান একদিকে জনপ্রিয় ছিলেন, অন্যদিকে স্থানীয় সাংসদ শেখ হেলাল উদ্দীনের আস্থাভাজন ছিলেন। তাঁর জনপ্রিয়তা ও প্রভাবের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।ফকিরহাটের সাতশৈয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং কাজী আজহার আলী কলেজ মাঠে জানাজা শেষে জাহিদকে ফকিরহাটে নিজ বাড়িসংলগ্ন মসজিদের পাশে দাফন করা হয়েছে। এলাকার হাজার হাজার মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে জাহিদের বাবা ও প্রবীণ শিক্ষক খান ইলিয়াস হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন। জনযুদ্ধের দায় স্বীকার: গতকাল বেলা দুইটা ৩৫ মিনিটে এমএল জনযুদ্ধ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রথম আলোর খুলনা অফিসে খুদে বার্তা পাঠায়। এর কিছুক্ষণ পরই লিমন নামের এক ব্যক্তি মুঠোফোনে নিজেকে এমএল জনযুদ্ধের বিভাগীয় প্রধান বলে পরিচয় দেন এবং ওই খুদে বার্তা পাঠানোর কথা উল্লেখ করেন।