ফকিরাপুলে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফকিরাপুল এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল পাঁচটার দিকে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী ফকিরাপুলের পানির ট্যাংকির সামনের সড়কে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তাঁরা খড়কুটো ও গার্মেন্টসের ঝুটে আগুন ধরিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে পুলিশ আসার খবর পেয়ে সড়ক ছেড়ে চলে যান তাঁরা।ওই এলাকার এক চায়ের দোকানি বলেন, বেশ কিছু লোক সড়কে জড়ো হয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণ পর তাঁরা স্থান ছাড়েন।এ বিষয়ে পুলিশের টহল কর্মকর্তা (পেট্রোল ইন্সপেক্টর) শেখ আবুল বাশার বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী ফকিরাপুল এলাকায় মিছিল বের করে। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে পায়নি। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলেও জানান তিনি।