ফকিরাপুলের হোটেল কক্ষে তরুণী ও মিরপুরে গৃহবধূ খুন
রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় সোনিয়া (২৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল রোববার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। পুলিশ জানতে পারে, গৃহবধূর স্বামী ওমর হোসেন ওরফে সাইফুল তাঁকে খুন করে দেড় বছরের ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন। এদিকে অপর ঘটনায় রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে দিলরুবা (২৬) নামের এক তরুণীর লাশ গতকাল সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যার পর পুরুষসঙ্গী পালিয়ে গেছে। সংশ্লিষ্ট থানার পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কল্যাণপুরের ১১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে দেড় বছরের ছেলে শাকিলকে নিয়ে ভাড়া থাকতেন সোনিয়া। কাঁচামাল ব্যবসায়ী ওমর প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তাঁকে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর কোনো সন্তান নেই। ওমরের ইচ্ছে ছিল, দ্বিতীয় স্ত্রীর ছেলে শাকিলকে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গেই সংসার করবেন। কিন্তু সোনিয়া কিছুতেই তাঁর ছেলেকে সেখানে নিয়ে যেতে দিচ্ছিলেন না। এ নিয়ে তাঁদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পুলিশের ধারণা, এর জের ধরেই সোনিয়া খুন হন। বাড়িওয়ালা শামছুল আলম পুলিশকে জানান, গত শুক্রবার রাতে ওমর ওই বাসায় আসেন। পরদিন শনিবার সকালে ছেলে শাকিলকে নিয়ে চলে যান। গতকাল দুপুরে এক মিস্ত্রি ওই বাসায় গিয়ে কাউকে না পেয়ে ডাকাডাকি করতে থাকেন। পরে তিনি দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে দেখেন, খাটের নিচে সোনিয়ার লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।মিরপুর থানার উপপরিদর্শক রকিবুল হাসান জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, নিহতের স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করে সন্তান নিয়ে পালিয়ে গেছেন। সোনিয়ার বাবার নাম আবু বকর। গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের তল্লাবাড়িয়ায়।এদিকে গতকাল সন্ধ্যায় ফকিরাপুলের হোটেল জোনাকীর ৪০৩ নম্বর কক্ষ থেকে দিলরুবা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার নুরুল হক নামে একজনের সঙ্গে দিলরুবা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন। সন্ধ্যার দিকে হোটেলের কর্মীরা ভেতরে টিভি চালু অবস্থায় বাইরে থেকে তালা দেওয়া দেখে ডাকাডাকি করেন। পরে তাঁদের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দিলরুবার লাশ উদ্ধার করে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে তাঁরা হোটেলে উঠেছিলেন। দিলরুবাকে শ্বাসরোধে হত্যা করে তাঁর কথিত স্বামী পালিয়ে গেছেন।