ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০৭ সালের সহিংস ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা শিক্ষামন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। মূল কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রতিবেদনটি উপস্থাপন করেন।প্রতিবেদনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদসহ আরও একাধিক ব্যক্তিকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচারের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, সেনাপ্রধান ও ডিজিএফআইয়ের বিরুদ্ধে এই প্রথম সংসদে একটি অভিযোগ গৃহীত হলো। শিক্ষামন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রতিবেদনটি নিয়ে সংসদে আলোচনার দাবি করেন। ডেপুটি স্পিকার শওকত আলী জানান, বিষয়টি বিবেচনা করা হবে।৩৮৪ পৃষ্ঠার এই প্রতিবেদনে রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠিত ঘটনার বিবরণ, তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ, সাব কমিটি বৈঠকের কার্যবিবরণী। এ ছাড়া রয়েছে সে সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ক্লিপিং, বাংলাদেশ বেতার, বিবিসি ও ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারমাধ্যমে প্রকাশিত সংবাদের লিখিত রূপ, সরকারের গোপনীয় নথি, কমিটির কাছে সাক্ষ্য দেওয়া ছাত্র-শিক্ষকদের বক্তব্য, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সেই সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ও আমলাদের বক্তব্য। আলাদাভাবে সিডি আকারে দেওয়া হয়েছে, সে সময়ে বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদ।সুপারিশে সাবেক সহিংস ঘটনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক মেজর জেনারেল এ টি এম আমিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী, অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আলমসহ বেশ কয়েকজনকে দায়ী করা হয়েছে। এসব ব্যক্তির প্রচলিত আইনের আওতায় বিচারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তত্কালীন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।সুপারিশে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) রাজনৈতিক হস্তক্ষেপ এবং টিএফআই ও যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদ সেল বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। কমিটির মতে, জিজ্ঞাসার নামে নির্যাতন গণতান্ত্রিক দেশে চলতে পারে না। এ ছাড়া সংসদীয় কমিটিকে যাতে কেউ উপেক্ষা করতে না পারে, সে জন্য সংসদীয় কমিটিতে যে কাউকে তলবে ক্ষমতা দিতে বলা হয়েছে।২০১০ সালের ১৯ সেপ্টেম্বর কমিটির সভাপতি রাশেদ খান মেননকে আহ্বায়ক এবং মির্জা আজম, বীরেন শিকদার ও শাহ আলমকে সদস্য করে এই সাব কমিটি গঠন হয়। ২০১১ সালের ৮ ডিসেম্বর কমিটি প্রতিবেদন চূড়ান্ত করে এবং ২০ ডিসেম্বর স্থায়ী কমিটি তা অনুমোদন করে।পর্যবেক্ষণে বলা হয়, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিল উপদেষ্টা পরিষদ। কিন্তু ডিজিএফআই তাতে বাধা দেয়। জনপ্রশাসনকে উপেক্ষা করে ডিজিএফআই যে ঔদ্ধত্য দেখিয়েছে, তা পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে তুলনার যোগ্য। আরও বলা হয়েছে, ৭৫ পরবর্তী সরকারগুলো ক্ষমতা টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সুযোগ-সুবিধা বাড়ানোয় এবং জরুরি অবস্থায় সেনা কর্মকর্তাদের পদমর্যাদা বাড়ানোয় সামরিক-বেসামরিক সম্পর্কের অবনতি ঘটেছে।পর্যবেক্ষণে আরও বলা হয়, ফখরুদ্দীন আহমদ এবং মইন উ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য সরাসরি দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্কালীন সহকারী প্রক্টর নাজমুল আহসান সলিমুল্লাহ সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করেন এবং মেজর কামরুল ছাত্রদের সঙ্গে অসদাচরণ করেন। এ টি এম আমিনের বোন, সে সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আসমা সিদ্দিকার ভূমিকা ছিল বিতর্কিত।