ফখরুদ্দীন-ইয়াজউদ্দিন-মইন আপনারই আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন ইউ আহমেদ ওনার (খালেদা জিয়া) লোক, ওনার আবিষ্কার। এখন জরুরি অবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কপাল চাপড়ে লাভ কী?’ প্রধানমন্ত্রী বলেন ‘আপনি মইন-ফখরুদ্দীনের দোষ দেখেন, ইয়াজউদ্দিনের দেখেন না।’বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নয়জন সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে মইন ইউ আহমেদকে সেনাপ্রধান করা হয়েছিল পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য। আর বিশ্বব্যাংকের চাকরি থেকে ফখরুদ্দীন আহমদকে ডেকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছিল বিদেশে টাকা পাচারের অভিলাষ থেকে।’ কিন্তু তাঁদের নীলনকশা নস্যাৎ হয়ে যাওয়ায় রাগ দেখাচ্ছেন জনগণের ওপর। জনগণকে শিক্ষা দেওয়ার জন্য তারা হরতাল ডেকেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার বিকেলে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসভার আগে প্রধানমন্ত্রী টঙ্গীতে শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়ালসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে ৫৪০ মিটার দীর্ঘ উড়ালসেতুটি ২৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটার দিকে উড়ালসেতুর পশ্চিম প্রান্তে নামফলক উন্মোচন করেন। পরে তিনি মোনাজাতে অংশ নেন। সন্ত্রাসীদের হাতে নিহত আওয়ামী লীগের সাংসদ আহসানউল্লাহ মাস্টারের নামে উড়ালসেতুটির নামকরণ করা হয়েছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে যান বিকেল পাঁচটা ৫৫ মিনিটে। তিনি ২৫ মিনিট বক্তব্য দেন।টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, মেহের আফরোজ, জাহিদ আহসান রাসেল, জাহানারা বেগম, টঙ্গী পৌর মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক, মোতাহার হোসেন মোল্লা, জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী প্রমুখ।প্রধানমন্ত্রী বলেন, ‘হরতাল ডেকে যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তারা দেশকে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করছে। হরতাল ডেকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। যারা হরতাল ডেকেছে, তারা কখনো জনগণের কল্যাণ ও মঙ্গল চায় না। আমরা ক্ষুধামুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। যারা একে বাধাগ্রস্ত করতে চায়, তারা দেশ ও জনগণের শত্রু।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বঙ্গবন্ধু আইন করে গিয়েছিলেন। কিন্তু জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই আইন বাতিল করেছেন। কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। কৃষি খাতে বিপুল অঙ্কের ভর্তুকি দেওয়া হচ্ছে। আর ভর্তুকির টাকা কৃষক যেন সরাসরি হাতে পান, এ জন্য মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করেছে সরকার। শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বিগত জোট সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করেনি। তারা পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য লাখ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল।প্রধানমন্ত্রী টঙ্গীর জনগণের দীর্ঘদিনের দাবি টেলিফোন শিল্প সংস্থার মাঠকে স্টেডিয়াম ও টঙ্গীতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে প্রথমে ১০০ ও পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। তিনি বলেন, টঙ্গীর বস্তিবাসীর বসবাসের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মিলের মালিকানা আওয়ামী লীগ সরকারই দিয়েছিল। তিনি চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে চারদলীয় জোট সরকার। ২০০৫ সালে ৬৩ জেলার ৫০০ জায়গায় বোমা ফেটেছিল। সরকারের হাত না থাকলে এই ঘটনা কোনো অবস্থাতেই ঘটতে পারে না।